১৫ মার্চের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ চায় ইসলামী শ্রমিক আন্দোলন
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের সব শ্রমিকের বকেয়া বেতন, চলতি মাসের বেতন ও ঈদ বোনাস আগামী ১৫ মার্চের মধ্যে পরিশোধ করতে শিল্প-কারখানা মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন।
মঙ্গলবার (১০ মার্চ) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ খলিলুর রহমান ও সেক্রেটারি জেনারেল কে. এম. বিল্লাল হোসাইন এক বিবৃতিতে বলেন, “শ্রমিকরা সারা বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের শিল্প-কারখানা সচল রাখে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই ঈদকে সামনে রেখে শ্রমিকদের প্রাপ্য বেতন ও বোনাস সময়মতো পরিশোধ করা তাদের ন্যায্য অধিকার।”
তারা বলেন, “বেতন-বোনাস বিলম্বিত হলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় এবং শিল্পক্ষেত্রে অস্থিতিশীলতা তৈরি হতে পারে। তাই শ্রমিকদের কষ্ট ও বাস্তবতা বিবেচনা করে ১৫ মার্চের মধ্যেই বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করার জন্য মালিকপক্ষের প্রতি আহ্বান জানাই।”
একই সঙ্গে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় তদারকি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।
নেতারা বলেন, “সংশ্লিষ্ট সব পক্ষ দায়িত্বশীল আচরণ করে শ্রমিকদের প্রাপ্য সময়মতো পরিশোধের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশ বজায় রাখবে।”
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ