ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মিয়ানমার থেকে পালিয়ে উখিয়া ক্যাম্পে এলো ৬ রোহিঙ্গা

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ১০ মার্চ ২০২৬  
মিয়ানমার থেকে পালিয়ে উখিয়া ক্যাম্পে এলো ৬ রোহিঙ্গা

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতার মধ্যে মংডু থেকে সীমান্ত পাড়ি দিয়ে এসে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছে ছয় সদস্যের একটি রোহিঙ্গা পরিবার। তাদের মধ্যে দুজন নারী ও চারজন পুরুষ। 

রোহিঙ্গা ক্যাম্প প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি/১৯ ব্লকে নিকটাত্মীয় আছিয়া বিবির বসতঘরে আশ্রয় নেয় ওই রোহিঙ্গা পরিবার।

নতুন আশ্রয় নেওয়া রোহিঙ্গারা হলেন— ফারুক আহমেদ (৪৫), সেতারা বেগম (৩৮), বিবি জান (১৮), মজিউর রহমান (১৪), আব্দুর রহমান (১৩) ও হাবিবুর রহমান (৯)।

তারা জানিয়েছেন, টেকনাফের শাহ পরীর দ্বীপ জলসীমা দিয়ে দালালদের সহযোগিতায় ৭০ লাখ কিয়াট (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ টাকা) খরচ করে তারা বাংলাদেশে প্রবেশ করেন।

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ ও উপ-সচিব আজগর আলী বলেছেন, “মিয়ানমার থেকে অনুপ্রবেশ করা পরিবারটি বর্তমানে তাদের আত্মীয়ের বাসায় অবস্থান করছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/তারেকুর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়