পিছিয়ে থেকেও সিরিজ জিতল দ. আফ্রিকা
নিউ জিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে শেষ দুটি ম্যাচ জিতে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিল তারা। আজ বুধবার সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ৩৩ রানে নিউ জিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে তারা।
ক্রাইস্টচার্চে প্রোটিয়ারা প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৮৭ রান করে। জবাব দিতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রানের বেশি করতে পারে না নিউ জিল্যান্ড।
ব্যাট হাতে অবশ্য কেউ ওভাবে সুবিধা করতে পারেনি কিউইদের হয়ে। বেভন জ্যাকবস ২টি চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৩৬ রান করেন। টিম রবিনসনের ব্যাট থেকে আসে ২৫ রান। জেমস নিশাম করেন ২৪। আর ডেন ক্লেভারের ব্যাট থেকে আসে ২২টি রান।
বল হাতে দক্ষিণ আফ্রিকার জেরাল্ট কোয়েৎজে ৪ ওভারে ২১ রানে ২টি উইকেট নেন। উইয়ান মুল্ডার ৩ ওভারে ২৮ রানে নেন ২টি উইকেট। আর অট্টনিল বার্টম্যান ৪ ওভারে ৩৩ রানে নেন ২টি উইকেট।
তার আগে দক্ষিণ আফ্রিকার ইনিংসে কন্নোর এস্তেরহুইজেন ব্যাট হাতে ঝড় তোলেন। মাত্র ৩৩ বলে ৫টি চার ও ৬ ছক্কায় ৭৫ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহ পেতে সহযোগিতা করেন। এছাড়া রুবিন হেরমান ৩৯, মুল্ডার ৩১ ও ফরেস্টার অপরাজিত ২১ রানের ইনিংস খেলে অবদান রাখেন।
বল হাতে নিউ জিল্যান্ডের বেন সিয়ার্স ৪ ওভারে ৩৭ রানে ২টি উইকেট নেন। ম্যাচসেরা হন কন্নোর। আর মোট ২০০ রান করে সিরিজ সেরাও হন তিনি।
ঢাকা/আমিনুল
ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় ডুবে গেছে বাস, বহু হতাহতের শঙ্কা