দ্বিতীয় ম্যাচে দ. আফ্রিকাকে উড়িয়ে সমতা ফেরাল নিউ জিল্যান্ড
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তা পায়নি নিউ জিল্যান্ড। ৯১ রানে অলআউট হয়ে হেরেছিল ৭ উইকেটের ব্যবধানে। তবে দ্বিতীয় ম্যাচে তারা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে হ্যামিল্টনে প্রোটিয়াদের ৬৮ রানের ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ব্ল্যাক ক্যাপসরা।
নিউ জিল্যান্ড আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে ১৫.৩ ওভারে মাত্র ১০৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।
বল হাতে দক্ষিণ আফ্রিকার ইনিংস গুড়িয়ে দেন লোকি ফার্গুসন, বেন সিয়ার্স ও মিচেল স্যান্টনার। সিয়ার্স ৩ ওভারে ১৪ রানে ৩টি, ফার্গুসন ৩.৩ ওভারে ১৬ রানে ৩টি ও স্যান্টনার ৩ ওভারে ১৯ রানে ২টি উইকেট নেন। বাকি দুটি উইকেট নেন কোল ম্যাককঞ্চি ও জেমস নিশাম।
ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার জর্জ লিন্ডে ১২ বলে ৩টি চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৩৩ রান করেন। এছাড়া রুবিন হেরমান ১৯, উইয়ান মুল্ডার ১৬, জ্যাসন স্মিথ ১২ ও দিয়ান ফরেস্টার করেন ১০ রান।
তার আগে নিউ জিল্যান্ডের ইনিংসে ৪৯ বলে ৫টি চার ও ২ ছক্কায় ৬০ রানের ইনিংস খেলেন ডেভন কনওয়ে। জশ ক্লার্কসন ৯ বলে ২ চার ও ২ ছক্কায় খেলেন অপরাজিত ২৬ রানের ইনিংস। এছাড়া নিক কেলি ২১, স্যান্টনার ২০ ও ম্যাককঞ্চি করেন অপরাজিত ১৮ রান।
দক্ষিণ আফ্রিকার মুল্ডার ২ ওভারে ১৪ রানে ২টি উইকেট নেন। ম্যাচসেরা হন নিউ জিল্যান্ডের কনওয়ে।
ঢাকা/আমিনুল