দুই সিরিজ খেলতে জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া
শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর এবার নতুন চ্যালেঞ্জ সামনে অস্ট্রেলিয়ার। মাসের শেষ দিকেই পাকিস্তান ও বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে অজিরা। সীমিত ওভারের এই সফরের সূচিও ইতোমধ্যে প্রকাশ করেছে।
পাকিস্তান সফর শেষ করেই ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। এখানে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। ওয়ানডে ম্যাচগুলো হবে মিরপুরে। আর টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।
আইপিএল শেষ হওয়ার পর কিছু তারকা ক্রিকেটার বাংলাদেশ পর্বে যোগ দিতে পারেন। তবে প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ককে পুরো সফরেই বিশ্রামে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্টার্ক অবশ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন।
বাংলাদেশে অস্ট্রেলিয়ার শেষ সফর ছিল ২০২১ সালে। তখন ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে অজিদের হারিয়েছিল বাংলাদেশ। সেই স্মৃতিও এবার বাড়তি আগ্রহ তৈরি করছে।
এদিকে ভবিষ্যৎ পরিকল্পনাও শুরু করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী বছরের বর্ডার-গাভাস্কার ট্রফিকে সামনে রেখে সেপ্টেম্বরে ভারত সফরে যাবে অস্ট্রেলিয়া ‘এ’ দল। সেখানে ভারত ‘এ’ দলের বিপক্ষে ২টি চার দিনের ম্যাচ ও ৩টি একদিনের ম্যাচ খেলবে তারা।
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার সূচি
ওয়ানডে সিরিজ
মঙ্গলবার, ৯ জুন – প্রথম ওয়ানডে – মিরপর,
বৃহস্পতিবার, ১১ জুন - দ্বিতীয় ওয়ানডে – মিরপুর,
রবিবার, ১৪ জুন - তৃতীয় ওয়ানডে – মিরপুর।
টি-টোয়েন্টি সিরিজ:
বুধবার, ১৭ জুন - প্রথম টি-টোয়েন্টি - চট্টগ্রাম,
শুক্রবার, ১৯ জুন - দ্বিতীয় টি-টোয়েন্টি - চট্টগ্রাম,
রবিবার, ২১ জুন - তৃতীয় টি-টোয়েন্টি - চট্টগ্রাম।
ঢাকা/আমিনুল
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ৭ জুন