ঢাকা     মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৮ ১৪৩৩ || ৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জেদ্দায় স্টেডিয়াম তৈরিতে সৌদি বোর্ডের সঙ্গে আলোচনায় পিসিবি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৯, ২১ এপ্রিল ২০২৬  
জেদ্দায় স্টেডিয়াম তৈরিতে সৌদি বোর্ডের সঙ্গে আলোচনায় পিসিবি

মধ্যপ্রাচ্যে ক্রিকেট বিস্তারের নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সৌদি আরবের জেদ্দা শহরে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা। যা ইতোমধ্যে পিসিবির গভর্নিং বোর্ডের অনুমোদনও পেয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভি নিজেই সৌদি ক্রিকেট কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। স্টেডিয়াম নির্মাণের আগ্রহপত্রও ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

এই প্রকল্পের মূল লক্ষ্য শুধু অবকাঠামো গড়ে তোলা নয়, বরং সৌদি আরবে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানো এবং ভবিষ্যতে সেখানে পাকিস্তান সুপার লিগের ম্যাচ আয়োজনের পথ তৈরি করা। তবে এখনো চূড়ান্ত চুক্তিপত্র স্বাক্ষর হয়নি। ফলে কাজ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

স্টেডিয়ামের জন্য উপযুক্ত জায়গা নির্বাচন নিয়েও চলছে আলোচনা। পরিকল্পনায় রয়েছে ফ্লাডলাইট সুবিধাসহ আধুনিক অবকাঠামো এবং বড় ম্যাচ আয়োজনের উপযোগী দর্শক ধারণক্ষমতা। যাতে শীর্ষ পর্যায়ের আন্তর্জাতিক ম্যাচ ও পিএসএলের ম্যাচ আয়োজন সম্ভব হয়।

সূত্র আরও জানায়, এই উদ্যোগটি মূলত সৌদি ক্রিকেট কর্তৃপক্ষের পক্ষ থেকেই এসেছে। সাম্প্রতিক সময়ে তেলসমৃদ্ধ দেশটি ক্রিকেট প্রসারে বাড়তি আগ্রহ দেখাচ্ছে। এমনকি নিজেদের একটি টি-টোয়েন্টি লিগ চালুর সম্ভাবনাও খতিয়ে দেখা হয়েছে।

বর্তমানে আলোচনা প্রাথমিক পর্যায়ে থাকলেও দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে পিসিবি ইতিবাচক অবস্থান নিয়েছে। পাশাপাশি সৌদি আরবে বিপুল সংখ্যক পাকিস্তানি ও দক্ষিণ এশীয় প্রবাসী থাকায় এই উদ্যোগকে সম্ভাবনাময় হিসেবে দেখছে বোর্ড।

মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাত। দুবাই, আবুধাবি ও শারজাহ; এই ৩টি ভেন্যুতে নিয়মিত টেস্ট, আন্তর্জাতিক সিরিজ, এশিয়া কাপ, আইপিএল এমনকি বিশ্বকাপ ম্যাচও অনুষ্ঠিত হয়েছে। ২০১০ থেকে ২০১৯ পর্যন্ত পাকিস্তানের হোম সিরিজগুলোর বড় অংশও আয়োজিত হয়েছে এখানেই। নিরাপত্তাজনিত কারণে বিদেশি খেলোয়াড়দের অনীহার সময় ২০১৬ সালে পিএসএলও শুরু হয়েছিল দুবাইয়ে।

এবার সেই আধিপত্যে ভাগ বসাতে চায় সৌদি আরব। আর সেই পথেই এগোচ্ছে জেদ্দার নতুন স্টেডিয়াম প্রকল্প।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়