‘মুখস্থ ছকে’ বিসিবির নির্বাচন আজ
গত দুই বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পেয়েছে তিনজন সভাপতি। শেষ আট মাসে দুইজন। আজ রোববার নির্বাচনের মাধ্যমে আবারও মসনদে বসতে যাচ্ছেন নতুন কেউ। প্রশ্ন উঠছে, নতুন সভাপতি কিংবা নতুন বোর্ড চার বছর টিকবে তো?
মিরপুর হোম অব ক্রিকেটে আসলেই চোখে পড়বে বড় বড় ব্যানার, ফেস্টুন। বিসিবির পরিচালক পদপ্রার্থীদের ছবিসম্বলিত ব্যানারে ভোট চেয়ে অনুরোধ করা হয়েছে কাউন্সিলরদের প্রতি। নির্বাচনী আবহ বিরাজ করছে স্টেডিয়াম জুড়ে। শুধু কি মিরপুরেই নির্বাচনী উত্তাপ! সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থী, ভক্ত, সমর্থকরা টাইমলাইনে পোস্ট করছেন নির্বাচনী কার্ড।
অথচ নির্বাচন হচ্ছে অনেকটাই ‘মুখস্থ ছকে’। স্টেডিয়ামের আঙ্গিনায় কান পাতলেই শোনা যাবে কে হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, কে বাদ পড়ছেন। এরই মধ্যে ২৫ পরিচালনা পর্ষদের মধ্যে ৮ জন নির্বাচিত হয়ে গেছেন। জাতীয় ক্রীড়া পরিষদ নির্বাচন করবেন আরও ২ জন। ২৫ পরিচালক পদের ১০ জনই নিশ্চিত। বাকি থাকল কেবল ১৫ পদ। সেই ১৫ পদেই আজ নির্বাচন হবে।
নিশ্চিত হওয়া ৮ জনের মধ্যে ৭ জনই ক্যাটাগারি-১ বা আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি। এছাড়া ক্যাটাগরি-৩ থেকে সাবেক অধিনায়ক, ক্রিকেটার, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন আরো একজন।
চট্টগ্রাম বিভাগের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়ে গেছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিল, সাবেক জাতীয় অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মঈন উদ্দিন চৌধুরী।
ক্লাব ক্যাটাগরি বা ক্যাটাগরি-২ থেকে পরিচালক পদের লড়াই থেকে সরিয়ে নিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের লুৎফর রহমান ও ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মো. মাহমুদ-উর-রহমান। এই ক্যাটাগরিতে আগে ১৮ জনের মধ্যে ১২ জন নির্বাচিত হতেন। ২ জন সরে যাওয়ায় প্রতিদ্বন্দ্বীর সংখ্যাটা এখন ১৬, অর্থাৎ ভোটের লড়াটাই আরো কমে গেছে।
এছাড়া ক্যাটাগরি ১ থেকে মাত্র দুটি বিভাগে ভোট হবে। খুলনা বিভাগে দুটি পরিচালক পদের লড়াইয়ে থাকছেন তিন জন-খুলনা জেলা ক্রীড়া সংস্থার মো. শফিকুল আলম, যশোর জেলা ক্রীড়া সংস্থার শান্তনু ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার মো. আব্দুছ সালাম।
বরিশাল বিভাগে একটি পদের লড়াইয়ে আছেন দুজন- বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার মো. মিজানুর রহমান ও ভোলা জেলা ক্রীড়া সংস্থার মো. মুনতাসির আলম চৌধুরী।
ক্যাটেগরি-২ থেকে ভোটের লড়াইয়ে থাকছেন ফাহিম সিনহা (আবাহনী লিমিটেড), মাসুদুজ্জামান (মোহামেডান স্পোর্টিং ক্লাব), আসিফ রব্বানী (শাইনপুকুর ক্রিকেট ক্লাব), ফৈয়াজুর রহমান (উত্তরা ক্রিকেট ক্লাব), ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (বসুন্ধরা রাইডার্স), তামিম ইকবাল খান (ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব), মোহাম্মাদ আমজাদ হোসেন (ট্রাই স্টেট ক্রিকেটার্স), মির্জা ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং ক্লাব), ইসরাফিল খসরু (এক্সিউম ক্রিকেটার্স), মো. রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়া চক্র), প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম (ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব), শানিয়ান তানিম নাভিন (ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব), সাঈদ ইব্রাহিম আহমেদ (ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব), সৈয়দ বোরহানুল হোসেন (তেজগাঁও ক্রিকেট একাডেমি), সাকিব আহমেদ সালাম (পূর্বাচল স্পোর্টিং ক্লাব), মেজর (অব.) ইমরোজ আহমেদ (কাঁঠালবাগান গ্রীন ক্রিসেন্ট ক্লাব)।
বিসিবিতে প্রথমে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয়ে ২৩ পরিচালক বোর্ডে আসবেন। ২ জন সরাসরি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনিত হবেন। এই ২৫ বোর্ড পরিচালক নিজেরা ভোট দিয়ে নির্বাচন করবেন বিসিবির পরবর্তী সভাপতি।
সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হবে ভোট। ১ ঘণ্টা পর নির্বাচন কমিশন ফল ঘোষণা করবেন। সন্ধ্যায় নির্বাচিত পরিচালক সভাপতি ও সহ সভাপতি নির্বাচন করবেন।
এবারের বিসিবি নির্বাচনে কাউন্সিলরের সংখ্যা ১৮৪ জন। তাদের মধ্যে ১ নম্বর ক্যাটেগরির ভোটার ৬৬ জন, ২ নম্বর ক্যাটেগরি ৭৬ ও ৩ নম্বর ক্যাটেগরির ৪২ জন।
ঢাকা/ইয়াসিন
দেশের সব মানুষের কথা বিবেচনায় নিয়ে এবারের বাজেট: অর্থমন্ত্রী