ঢাকা     রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিমের বাসায় তারার হাট

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৪, ১৩ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিমের বাসায় তারার হাট

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক ওমর সানির কাঁধে হাত রেখে বসে আছেন অভিনেত্রী মৌসুমী। তাদের পেছনে দাঁড়িয়ে আছেন চিত্রনায়িকা পপি, চিত্রনায়ক বাপ্পি চৌধুরী, অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মৌসুমীর পাশের চেয়ারে বসে আছেন বিদ্যা সিনহা মিম। তার পেছনে দাঁড়িয়ে আছেন চিত্রনায়িকা পূর্ণিমা, আব্দুল আজিজ, চিত্রনায়ক ইমন, ফেরদৌস প্রমুখ।

চিত্রনায়ক ওমর সানি, অভিনেত্রী আজমেরী হক বাঁধনসহ বেশ কজন অভিনয়শিল্পীর সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু স্থিরচিত্র দেখা যায়। জানা গেছে, গতকাল শনিবার চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের আমন্ত্রণে তার বাসায় হাজির হয়েছিলেন শোবিজ অঙ্গনের এক ঝাঁক তারকা। এ সময় গল্প আর আড্ডায় মেতে উঠেন তারা।

এ বিষয়ে আজ রবিবার বিকেলে রাইজিংবিডিকে আজমেরী হক বাঁধন বলেন, ‘বসুন্ধরায় মিম নতুন বাসা নিয়েছে। নতুন বাসায় কিছু দিন আগে উঠেছে। এ উপলক্ষে ওর সার্কেলের বন্ধু-বান্ধব, বড় ভাই-বোন ও সহকর্মীদের দাওয়াত করেছিল। মিম ওর বাবা-মাকে সঙ্গে নিয়ে থাকে। আন্টি সব রান্না করেছিলেন। আঙ্কেল-আন্টি অনেক ভালো মানুষ। আমাদের জন্য মিম শাহী টুকরা রান্না করেছিল। ওর রান্নাটাও অনেক মজা হয়েছিল। আমরা অনেকক্ষণ ছিলাম। মিমের নতুন বাসাটা চমৎকার। অনেক আড্ডা দিয়েছি। অনেক ভালো সময় কেটেছে। ’

তিনি আরো বলেন, ‘আসলে মিম তো বড় পর্দায় কাজ করে। কিন্তু আমি মিম দুজনেই লাক্সের (লাক্স সুন্দরী প্রতিযোগিতা)। মিম আমার এক ব্যাচ জুনিয়র। কিন্তু আমরা সম্পর্কটা দুজনেই মেইনটেইন করি। মিমও সবসময় আমাকে ওই সম্মানটা করে। এটা মিমের ভালো একটি দিক।’



এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওমর সানি ছবি পোস্ট করে লিখেন, ‘বিদ্যা সিনহা মিমের ডিনারে। এটি চমৎকার সময় ছিল।’



রাইজিংবিডি/ঢাকা/১৩ জানুয়ারি ২০১৯/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়