তিন আসনের ফল ঘোষণা স্থগিত করল ইসি
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিনটি আসনের ফল ঘোষণা করবে না নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত জারি করা পৃথক তিনটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
মামলা চলমান থাকায় শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত রাখা হবে বলে ইসি জানিয়েছে। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার পর এসব আসনের ফল ঘোষণা করা হবে।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি আইনি লড়াই শেষে চট্টগ্রাম ও শেরপুরে বিএনপির তিন প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণের পথ খুলে দেয় আদালত। তবে ফলাফল প্রকাশের ক্ষেত্রে শর্ত আরোপ করে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ পৃথক আদেশে এ নির্দেশনা দেন।
বিএনপির ওই তিন প্রার্থী হলেন—চট্টগ্রাম-২ আসনের সরোয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরী এবং শেরপুর-২ আসনের ফাহিম চৌধুরী।
সরোয়ার আলমগীর ও আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এবং ফাহিম চৌধুরীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ আনেন তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। ঋণ খেলাপির অভিযোগে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করেছিল ইসি। পরে তিনি হাইকোর্টে রিট করলে আদালত প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেন।
আদালতের নির্দেশনা অনুযায়ী মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উল্লিখিত তিন আসনের ফল ঘোষণা থেকে বিরত থাকবে নির্বাচন কমিশন।
ঢাকা/এমএসবি//