এক মাঘে শীত যায় না: সারজিস
সারজিস আলম। ফাইল ফটো
নির্বাচনে হেরে যাওয়ার পর পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সারজিস আলম অভিযোগ করেছেন, নির্বাচনি এলাকায় তার ও দলের কর্মীদের ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা এবং হুমকি দিয়েছে।
সারজিস আলম বলেন, এই সহিংসতা পুরনো প্রতিহিংসাপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি নির্দেশ করে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তার ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন।
সারজিস আলম বলেন, “এখন পর্যন্ত পঞ্চগড়-১ আসনে প্রায় ৩০+ জায়গায় বিএনপির নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর, তাদের বাড়িঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, হুমকি দিয়েছে। অনেকে পালিয়ে আছে।
তিনি বলেন, “বিএনপি কি এখনো পুরনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায় কিনা সেটা বিএনপিকে স্পষ্ট করতে হবে। আমরা রাজনীতি করতে এসেছি। পুরনো নোংরা রাজনৈতিক কালচারগুলোকে পরিবর্তন করে নতুন রাজনীতি করতে এসেছি। ”
ক্ষমতা চিরস্থায়ী নয় উল্লেখ করে তিনি বলেন, “ক্ষমতা চিরস্থায়ী কোনো বিষয় নয়। যারা অতি উৎসাহী হয়ে এই কাজগুলো করছেন তাদেরকে সংশোধন হওয়ার আহ্বান করছি। অতীত থেকে শিক্ষা নেন। মনে রাখবেন, এক মাঘে শীত যায় না।”
ঢাকা/ইভা