কত ভোট পেয়েছেন ব্যারিস্টার ফুয়াদ
বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদ। ফাইল ফটো।
জুলাই অভ্যুত্থানের পর থেকে রাজনীতে আলোচনায় আসা ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদ ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোটের শরিক দল এবি পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে ভোটের মাঠের পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন, সে খবর আগেই বেরিয়েছে।
বরিশালের মুলাদী ও বাবুগঞ্জ উপজেলার মানুষ তাদের জনপ্রতিনিধি হিসেবে বিজয়ী করেননি আক্রমণাত্মক বক্তব্য-বিবৃতি, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনা-সমালোচনায় থাকা ব্যারিস্টার ফুয়াদকে। বেশ বড় ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন এবি পার্টির এই সাধারণ সম্পাদক।
মুলাদী ও বাবুগঞ্জ উপজেলা নিয়ে বরিশাল-৩ আসন গঠিত। এই আসনে ব্যারিস্টার ফুয়াদকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী জয়নাল আবেদীন ২১ হাজার ভোটের ব্যবধানে তাকে হারিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাবুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা উল হুসনা বরিশাল-৩ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
১২৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন ৭৮ হাজার ১৩১ ভোট। ঈগল প্রতীক নিয়ে ফুয়াদ পেয়েছেন ৫৭ হাজার ১৪৯ ভোট।
এ আসনে মোট ভোটার তিন লাখ ১০ হাজার ৯২ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮৪৬, নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ২৪৫ এবং তৃতীয় লিঙ্গের ভোটার একজন।
ঢাকা/পলাশ/রাসেল