ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরুণের বিয়ে কবে হবে, জানালেন বাবা

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৪, ২৭ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরুণের বিয়ে কবে হবে, জানালেন বাবা

বরুণ ধাওয়ান, নাতাশা দালাল ও ডেভিড ধাওয়ান

বিনোদন ডেস্ক: বলিউডে চলছে বিয়ের ধুম। গত বছরের মতো এ বছরও অনেক তারকা বিয়ের পিঁড়িতে বসবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এর মধ্যে অভিনেতা বরুণ ধাওয়ানের নামও রয়েছে। প্রেমিকা নাতাশা দালালকেই বিয়ে করবেন তিনি।

কিন্তু কবে বাজবে বরুণের বিয়ের সানাই? এ নিয়ে অনেকদিন ধরেই চলছে জল্পনা-কল্পনা। মাঝে গুঞ্জন ওঠে, আগামী ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন কলঙ্ক অভিনেতা। এবার বরুণের বাবা ডেভিড ধাওয়ান জানালেন, কবে হবে এ অভিনেতার বিয়ে।

এক সাক্ষাৎকারে ডেভিড ধাওয়ান বলেন, ‘বরুণের বিয়ে সম্ভবত আগামী বছর হবে। তার রিলেশনশিপ নিয়ে আমি খুবই খুশি। একজন বাবার এর চেয়ে বেশি কী চাওয়া থাকতে পারে?’

সম্প্রতি তার বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে বরুণ বলেন, ‘এটি এ বছর হচ্ছে না। বিয়ে করব না তা নয়, তবে এত তাড়াতাড়ি না। আমি যে সিনেমাগুলো করছি, এর মধ্যে থেকে আমাকে সঠিক সময় বের করতে হবে।’

নাতাশার সঙ্গে তার সম্পর্ক নিয়ে বদ্রিনাথ কি দুলহানিয়া সিনেমাখ্যাত এ অভিনেতা বলেন, ‘স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, সে সময় থেকেই তার সঙ্গে পরিচয়। আমরা তখন শুধুই বন্ধু ছিলাম, ডেটিং করতাম না। কিন্তু প্রথম দিন থেকে সে আমার স্বপ্নপূরণের ব্যাপারে আমাকে সহযোগিতা করত এবং এখনো তা করে আসছে। আমার দিক থেকেও তাই। আমার পক্ষ থেকে, আমিও তার স্বপ্নপূরণ অথবা সে যা অর্জন করতে চায়, যা পছন্দ করে তা পূরণে সহযোগিতা করি। আমি মনে করি, সবাই চায় জুটি হিসেবে একসঙ্গে পরিণত হতে।’

কয়েকদিন আগে মুক্তি পেয়েছে বরুণ অভিনীত সিনেমা কলঙ্ক। এতে আরো অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, সোনাক্ষী সিনহা, আলিয়া ভাট, আদিত্য রয় কাপুর প্রমুখ। এছাড়া স্ট্রিট ড্যান্সার থ্রিডি সিনেমায় শ্রদ্ধা কাপুরের বিপরীতে অভিনয় করছেন তিনি। পাশাপাশি সারা আলী খানের সঙ্গে কুলি নম্বর ওয়ান সিনেমার রিমেকে দেখা যাবে তাকে।




রাইজিংবিডি/ঢাকা/২৭ এপ্রিল ২০১৯/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়