ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লিটলের দাপটের পরও ইংল্যান্ডের জয়

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৫, ৪ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লিটলের দাপটের পরও ইংল্যান্ডের জয়

ক্রীড়া ডেস্ক: নিজেদের আঙ্গিনায় বিশ্বকাপ আসর শুরুর আগে আয়ারল্যান্ডে খেলতে গিয়েছে ইংল্যান্ড। ডাবলিনে একমাত্র ওয়ানডেতে স্বাগতিক পেসার জশ লিটলের বোলিং তোপের পরও জয় পেয়েছে ইংলিশরা।

টস হেরে দ্য ভিলেজ, ম্যালাহাইডে আগে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৯৮ রান করতে সক্ষম হয় আয়ারল্যান্ড। লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে জশ লিটল কিছুটা ব্যাঘাত সৃষ্টির চেষ্টা করলেও বেন ফোকস ও টম কুরানের ব্যাটে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় উইয়ন মরগানের দল।

বৃষ্টির কারণে ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে শুক্রবার উইলিয়াম পোর্টারফিল্ড ও পল স্টার্লিংয়ের ব্যাটে শুরুটা ভালো করে আয়ারল্যান্ড। দুই ওপেনার উপহার দেন ৫৫ রানের জুটি।

তবে লিয়াম প্লানকেট ও টম কুরানের ছোবলে ২২ রানের মধ্যে চার উইকেট হারিয়ে এলোমেলো হয়ে যায় আইরিশরা। পাঁচ চারে ৩৩ রান করা স্টার্লিংকে বিদায় করার পর কেভিন ও’ব্রায়েনের উইকেট তুলে নেন কুরান। প্লানকেট বিদায় করেন পোর্টারফিল্ড ও লর্কান টাকারকে।

নিজের অভিষেক ম্যাচে দুটি চার ও সমান ছক্কায় ৩২ রান করে দলকে কিছুটা টানেন অ্যাডাইয়ার। তার সঙ্গে ডকরেলের ২৪ রানের সুবাদে ১৯৮ রান করতে সক্ষম হয় আইরিশরা।

রান তাড়ায় অভিষিক্ত লিটলের দাপুটে বোলিংয়ে শুরুতে পথ ভুলতে থাকে শক্তিশালী ইংল্যান্ড। ৬৬ রানের মধ্যে হারিয়ে ফেলে পাঁচ উইকেট। এর তিনটি নেন লিটল। দুই অঙ্ক ছোঁয়া দুই ওপেনারকে বিদায় করার পর শূন্য রানে মর্গানকে বিদায় করেন ১৯ বছর বয়সী এই পেসার।

দুই অঙ্ক ছোঁয়ার আগেই ফিরে যান ব্যাটিং ভরসা জো রুট ও জো ডেনলি। লিটনের সঙ্গে স্বাগতিকদের হয়ে উইকেট শিকারে যোগ দেন টিম মারটাঘ ও বয়েড র‌্যানকিন। সেখান থেকে ডেভিড উইলির সঙ্গে ৩৫ রানের জুটিতে প্রাথমিক প্রতিরোধ গড়েন কিপার-ব্যাটসম্যান ফোকস। তিন চারে ২০ রান করা উইলিকে ফিরিয়ে জুটি ভাঙেন লিটল।

তবে সপ্তম উইকেট জুটিতে কুরানের সঙ্গে অপ্রতিরোধ্য ৯৮ রান তুলে দলকে দারুণ এক জয় এনে দেন ম্যাচ সেরা ফোকস। ৭৬ বলে তিন চার ও এক ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গে ৫৬ বলে ৫ চারে ৪৭ রানে অপরাজিত ছিলেন টম কুরান।



রাইজিংবিডি/ঢাকা/৪ মে ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়