ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৭, ১০ ফেব্রুয়ারি ২০২৬  
গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে জেলা প্রশাসকের (ডিসি) বাসভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের বঙ্গবন্ধু সড়কে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

পুলিশ জানিয়েছে, সন্ধ্যার দিকে জেলা প্রশাসকের বাসভবনের সামনে বঙ্গবন্ধু সড়কে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বিকট শব্দ হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। কে বা কারা কেন এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।

ককটেল বিস্ফোরণের পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

এর আগে ২৬ জানুয়ারি  গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল ফটকের সামনে এবং ২৮ জানুয়ারি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ৩০ জানুয়ারি গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ ঘটে। এরও আগে ১২ ডিসেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন বলেছেন, “দুষ্কৃতকারীরা একটি ককটেল নিক্ষেপ করলে বিকট শব্দ হয়। দুষ্কৃতকারীরা দ্রুত স্থান ত্যাগ করে। তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।”

ঢাকা/বাদল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়