ঢাকা     বুধবার   ২৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৬ ১৪৩৩ || ১১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভবনে রং করার পরামর্শ মেয়রের

এফবি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ৭ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভবনে রং করার পরামর্শ মেয়রের

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা এলাকার ভবনগুলোতে দীর্ঘদিন রং করা না হলে, আগামী ছয় মাসের মধ্যে মার্জিত রং করার পরামর্শ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

 

রোববার বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশন অঞ্চল-১ এর আয়োজনে উত্তরা ৬ নং সেক্টরে অবস্থিত সিটি করপোরেশন কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় তিনি ভবনমালিকদের এ পরামর্শ দেন।

 

এ সময় ভবনমালিক, ব্যবসায়ী, শিক্ষক-ছাত্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৪০০ মানুষ সরাসরি মেয়র আনিসুল হকের কাছে তাদের আশা-আকাঙ্ক্ষা, অভিযোগ ও পরামর্শ তুলে ধরেন।
অনুষ্ঠানে মেয়র উত্তরায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। ১২০ কোটি টাকা ব্যয়ে উত্তরায় চলমান অন্যান্য কর্মসূচির বিষয়েও তিনি আলোচনা করেন।

 

নগরীর পরিচ্ছন্নতা রক্ষার্থে দোকান ও ভবনের সামনে আর্বজনা না ফেলা, রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে নির্মাণসামগ্রী ফেলে না রাখা, ভবনের র্যা ম্প ফুটপাত বা রাস্তা পর্যন্ত প্রসারিত না করা, নগরীর সবুজায়নের লক্ষ্যে বাসাবাড়ির ছাদ ও অব্যবহৃত স্থানে গাছ লাগানো, বিদ্যমান পার্ক ও বিনোদনস্থানগুলোর রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে মেয়র উপস্থিত সবার সহযোগিতা চান।
উত্তরায় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য কেটে ফেলা গাছের প্রসঙ্গে মেয়র বলেন, আমরা ৫০০ গাছ কেটে ৩০ হাজার নতুন গাছ লাগিয়েছি।

 

তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপনসহ ঢাকার ডিপ্লোম্যাটিক জোনের ভবনমালিক সোসাইটিগুলোর সহায়তায় বেসরকারি নিরাপত্তা বাহিনী এবং নির্দিষ্ট বর্ণের রিকশা চালু করা হচ্ছে। এই রিকশাচালকদের নিরাপত্তার বিষয়ে মৌলিক প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।

 

তিনি আরো বলেন, শিগগিরই গুলশান এলাকায় ‘ঢাকা-চাকা’ নামে বিশেষ এয়ারকন্ডিশন্ড বাস সার্ভিস চালু হচ্ছে।

 

মেয়র সম্প্রতি চালু হওয়া `নগর` অ্যাপ সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়ে বলেন, এই অ্যাপের মাধ্যমে আপনাদের যেকোনো অভিযোগ আমি সরাসরি দেখতে পাব।

 

তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, মেয়রকে আপনারা যেকোনো প্রয়োজনে পাশে পাবেন। আপনারাও মেয়রের কাজে সহায়তা করুন এবং শৃঙ্খলার মাধ্যমে সকল সমস্যার সমাধান করুন।

 

অনুষ্ঠানে ডিএনসিসির কর্মকর্তাসহ স্থানীয় কাউন্সিলর ও নারী কাউন্সিলরা উপস্থিত ছিলেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ আগস্ট ২০১৬/এফবি/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়