পাহাড়ের ১০৮ দুর্গম কেন্দ্রের ফল সংগ্রহে বিশেষ ব্যবস্থা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পার্বত্য তিন জেলায় মোবাইল নেটওয়ার্কবিহীন দুর্গম ভোটকেন্দ্রগুলোর ফল দ্রুত সংগ্রহের জন্য নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থা নিয়েছে।
এসব কেন্দ্রের ভোটগণনার বিবরণী বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের আধুনিক নেটওয়ার্ক কিংবা ওয়্যারলেস সিস্টেম ব্যবহার করে সংগ্রহ করা হবে।
বৃহস্পতিবার(৪ ফেব্রুয়ারি) সিনিয়র সহকারী সচিব শহিদুল ইসলাম স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা যায়।
নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত অনুযায়ী রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি—এই তিন পার্বত্য জেলায় মোট ১০৮টি দুর্গম ভোটকেন্দ্র থেকে প্রাথমিক বেসরকারি ফলাফল সংগ্রহ করা হবে। এর মধ্যে রাঙ্গামাটি জেলায় রয়েছে ২০টি, বান্দরবান জেলায় ৪৬টি এবং খাগড়াছড়ি জেলায় ৪২টি ভোটকেন্দ্র।
এ বিষয়ে রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির জেলা প্রশাসকদের পাঠানো পৃথক চিঠি সূত্রে জানা যায়, ভোটগ্রহণ শেষে দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক বেসরকারি ফল প্রস্তুত ও ঘোষণার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দুর্গম এলাকা হওয়ায় এসব কেন্দ্রে মোবাইল নেটওয়ার্ক কার্যত অনুপস্থিত, ফলে বিকল্প যোগাযোগ ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে নির্বাচন কমিশনকে।
নির্বাচন কমিশন জানায়, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিদ্যমান নিরাপদ যোগাযোগ ব্যবস্থা ব্যবহারের মাধ্যমে কেন্দ্রভিত্তিক ভোটগণনার তথ্য সংগ্রহ করা হলে ফল ঘোষণায় সময় ও জটিলতা কমবে। একই সঙ্গে স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতাও নিশ্চিত হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
ঢাকা/এমএসবি/ইভা