ঢাকা     শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশ্বকাপ খেলতে না পারার হতাশা আছে রিশাদেরও

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫০, ৫ ফেব্রুয়ারি ২০২৬  
বিশ্বকাপ খেলতে না পারার হতাশা আছে রিশাদেরও

২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বাজতে শুরু করেছে। ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠার অপেক্ষায়। সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হয়েছিল বাংলাদেশেরও।

কিন্তু নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকায় বাংলাদেশ বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। বাংলাদেশকে বাদ দিয়ে আইসিসি সুযোগ করে দিয়েছে স্কটল্যান্ডকে। ২০ দলের অধিনায়কের ফটোসেশন আজ অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন:

বাংলাদেশ খেললে আজ লিটনও থাকতে পারবেন অধিনায়কদের মিলনমেলায়। ১৯৯৯ সাল থেকে আইসিসির প্রতিটি বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ। কিন্তু এবারই নেই। ভক্ত, সমর্থক সবারই মন খারাপ। হতাশায় পুড়ছেন। খেলোয়াড় হিসেবে রিশাদ হোসেনেরও মন খারাপ হওয়ার কথা। লেগ স্পিনার আড়াল করলেন না নিজের অভিব্যক্তি।

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ প্রতিযোগিতার প্রথম ম্যাচে বল হাতে দ্যুতি ছড়িয়েছেন রিশাদ। ধূমকেতু একাদশের হয়ে খেলে ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নেন। দুরন্ত একাদশের ব্যাটসম্যানদের নাড়িয়ে দেন এই লেগ স্পিনার। লিটন ফিফটি করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ায় রিশাদের ম্যাচসেরা হওয়া হয়নি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন তিনি। সেখানেই তার কাছে বিশ্বকাপ না খেলার হতাশা নিয়ে জানতে চাওয়া হয়েছিল। উত্তর দিতে গিয়ে পাল্টা প্রশ্ন করেন রিশাদ, ‘‘আপনাদের কেমন লাগছে।’’ সাংবাদিক উত্তর দেন, ‘‘হতাশ হয়েছি আমরাও।’’ পাল্টা উত্তর দিয়ে রিশাদ বলেছেন, ‘‘আমাদেরও সেইম।’’

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর স্থবির হয়ে পড়া ক্রিকেটে প্রাণ ফেরাতে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিবি। দেশের সেরা ক্রিকেটারদের নিয়ে তিনটি দল তৈরি করে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। রিশাদদের ধূমকেতু একাদশ প্রথম ম‌্যাচে ৬ উইকেটে হারিয়েছে দুরন্ত একাদশকে।

ম‌্যাচে নিজের বোলিং নিয়ে রিশাদ বলেছেন, ‘‘আলহামদুলিল্লাহ।’’

এই ধরণের ঘরোয়া আয়োজনের বড় প্রভাব দেখেন রিশাদ, ‘‘আমাদের যে তরুণ জেনারেশন যারা উদীয়মান, ওদের জন্য একটা বড় সুযোগ। এবং ওরা বুঝতে পারে যে, জাতীয় দলে আসতে হলে কিভাবে মানসিকভাবে প্রস্তুত হতে হয়। আমরা যদি এই টুর্নামেন্ট প্রতিনিয়ত করি তাহলে খেলোয়াড়রা অনেক বুস্টআপ হবে।’’

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়