ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশিরা আমাদের ভাই : সালমান আলি আগা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪১, ৫ ফেব্রুয়ারি ২০২৬  
বাংলাদেশিরা আমাদের ভাই : সালমান আলি আগা

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করতে যাচ্ছে পাকিস্তান। শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা। তবে মাঠের লড়াই শুরুর আগেই দলটির গ্রুপ পর্বের পরিকল্পনায় অনিশ্চয়তার ছায়া ফেলেছে ভারতের বিপক্ষে সম্ভাব্য ম্যাচ নিয়ে জটিলতা। তার ওপর টুর্নামেন্ট থেকে বাংলাদেশের বাদ পড়া পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার হতাশা আরও বাড়িয়েছে।

বিশ্বকাপ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে পাকিস্তান অধিনায়ক স্পষ্ট আবেগে বলেন, “বাংলাদেশিরা আমাদের ভাই। পাকিস্তানের প্রতি তারা যে সমর্থন দেখিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। দুর্ভাগ্যজনকভাবে তারা এবার এই টুর্নামেন্টে অংশ নিতে পারছে না।”

আরো পড়ুন:

ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় নির্ধারিত ম্যাচ নিয়ে অনিশ্চয়তা প্রসঙ্গে সালমান আলি আগা জানান, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতেই রয়েছে। তিনি বলেন, “ভারতের বিপক্ষে ম্যাচ খেলা হবে কি না, সেই সিদ্ধান্ত সরকার নেবে। বিষয়টি নিয়ে এখনও অনিশ্চয়তা আছে। তবে সরকার যে নির্দেশনা দেবে, আমরা সেটিই অনুসরণ করব।”

দলের অবস্থান পরিষ্কার করে পাকিস্তান অধিনায়ক আরও বলেন, রাষ্ট্রীয় পর্যায়ে যে সিদ্ধান্তই আসুক না কেন, খেলোয়াড়রা সেটিকে সম্মান জানাবে। মাঠের বাইরের বিষয় নিয়ে বিভ্রান্ত না হয়ে ক্রিকেটেই মনোযোগ দিতে চান তারা।

তবে এসব অনিশ্চয়তার মধ্যেও দলের পারফরম্যান্স নিয়ে আশাবাদী সালমান আলি আগা। সাম্প্রতিক সময়ে পাকিস্তান দলের উন্নতির কথা তুলে ধরে তিনি বলেন, “আগের কয়েকটি টুর্নামেন্টে আমরা সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। গত ছয় মাসে, বিশেষ করে এশিয়া কাপের পর থেকে আমরা ধারাবাহিক ভালো ক্রিকেট খেলছি।”

তিনি যোগ করেন, এই ধারাবাহিকতাই বিশ্বকাপে ভালো ফলের ভিত্তি হয়ে উঠতে পারে। সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়ে সালমান বলেন, দল এবার আত্মবিশ্বাসী এবং মাঠে তার প্রতিফলন দেখাতে মুখিয়ে আছে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়