শরিয়তকে প্রাধান্য দিয়ে দেশ চালানো হবে: ইসলামী আন্দোলনের আমির
বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, “আমরা নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছি। ইশতেহারে আমরা পরিষ্কারভাবে বলেছি, শরিয়তকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করা হবে।”
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশাল-১ আসনের গৌরনদী পৌরসভা-সংলগ্ন বালুর মাঠে নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেছেন, “দেশ চালাতে ভালো নেতা ও ভালো নীতি লাগবে। পূর্বে যারা দেশ পরিচালনা করেছিল, তাদের মধ্যে ভালো নেতা ও ভালো নীতি কিছুই ছিল না। এ কারণে দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তাদের শাসনামলে বেগমপাড়া তৈরি হয়েছিল।”
তিনি আরো বলেন, “১৯৭১ সালে আমার দাদা-বাবা হিন্দু সম্প্রদায়কে রক্ষার জন্য আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। আমরা ২০২৪-পরবর্তী বাংলাদেশে হিন্দু ভাইদের উপসনালয়গুলো পাহারা দিয়েছি, তাদের জানমাল রক্ষায় নিরাপত্তা দিয়েছি।”
“আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে হাতপাখা মার্কা বিজয়ী হলে দেশ নিরাপদ থাকবে। এ দেশের হিন্দুরা নিরাপদ থাকবে। তাই, হিন্দু ভাইয়েরা হাতপাখাকে বিজয়ী করার জন্য জোট বেঁধেছে।”
বরিশাল-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী রাসেল সরদার মেহেদী ভালো নেতা, এ দাবি করে হাতপাখা মার্কাকে বিজয়ী করতে সর্বস্তরের ভোটারদের প্রতি আহ্বান জানান দলটির আমির।
তিনি বলেছেন, “এ দেশ আলেম-ওলামাদের দেশ। এই পবিত্র জমিনে ইসলাম থাকবে না, তা হতে পারে না। আমরা মনে করেছিলাম, আমরা একা হয়ে গেছি, কিন্তু আমরা একা না। আল্লাহ আমাদের সাথে রয়েছেন, আলেমরা সাথে রয়েছেন, দেশপ্রেমিকরা সঙ্গে রয়েছেন, ইসলামপ্রেমীরা সঙ্গে রয়েছেন।”
মো. রাসেল সরদার মেহেদীর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের গৌরনদী উপজেলা শাখার নেতা ওবায়দুল হক নবী, আগৈলঝাড়ার হিন্দু নেতা নিপুল রায়সহ দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা শাখার নেতারা।
ঢাকা/পলাশ/রফিক