ঢাকা     শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৬০ হাজার গাড়িচালককে প্রশিক্ষণ দেবে সরকার, বিআরটিসির চুক্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২০, ৫ ফেব্রুয়ারি ২০২৬  
৬০ হাজার গাড়িচালককে প্রশিক্ষণ দেবে সরকার, বিআরটিসির চুক্তি

সড়ক দুর্ঘটনা কমানো ও নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ৬০ হাজার গাড়িচালককে প্রশিক্ষণ দিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) ও বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর হয়।

আরো পড়ুন:

বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের পক্ষে প্রকল্প পরিচালক মোহাম্মদ সাব্বীর হাসান খান এবং বিআরটিসির পক্ষে চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লা চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।

এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ পুলিশ, ডিজিএইচএস, বিআরটিএসহ প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তা এবং বিশ্ব ব্যাংকসহ উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প’ দেশের সড়ক নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে। প্রকল্পটি ২০২৩ সালের ১৮ এপ্রিল একনেক সভায় অনুমোদন পায়।

প্রকল্পের মূল লক্ষ্য হলো সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহতের সংখ্যা কমানো এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধি করা। এ উদ্দেশ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত Safe System Approach পাইলট ভিত্তিতে বাস্তবায়ন করা হচ্ছে। এই পদ্ধতির অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো দক্ষ ও প্রশিক্ষিত চালক তৈরি।

এরই অংশ হিসেবে প্রকল্পের আওতায় চার মাস মেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে ৪০ হাজার নতুন দক্ষ চালক তৈরি করা হবে।পাশাপাশি বর্তমানে কর্মরত ২০ হাজার পেশাদার চালককে সড়ক নিরাপত্তা, পথচারীর অধিকার এবং উন্নত যানবাহন চালনা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। সব মিলিয়ে মোট ৬০ হাজার চালক এই প্রশিক্ষণের আওতায় আসবেন।

গত ১৩ জানুয়ারি  সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্যাকেজ অনুমোদন পায়। অনুমোদিত প্যাকেজ অনুযায়ী সারা দেশের বিআরটিসির ২৭টি ট্রেনিং ইনস্টিটিউট ও সেন্টারে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ শুধু সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বাড়াবে না বরং দক্ষ মানবসম্পদ তৈরি এবং বেকারত্ব হ্রাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়