মমেক হাসপাতালের হাম ইউনিটে এখনো ভর্তি ১০১ শিশু
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম ডেডিকেটেড ইউনিটে অতিরিক্ত রোগী ভর্তি হওয়ায় অনেকের ঠাঁই হয়েছে মেঝেতে
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের হাম ডেডিকেটেড ইউনিটে এখনো ১০১ জন শিশু চিকিৎসাধীন আছে। গত ২৪ ঘণ্টায় কোনো শিশু মারা না গেলেও হাম উপসর্গ নিয়ে আরো ৩০ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২৬ শিশু।
এদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৬০ শয্যার হাম ডেডিকেটেড ইউনিটে অতিরিক্ত রোগী ভর্তি হওয়ায় অনেকের ঠাঁই হয়েছে মেঝেতে। রোগীর স্বজনরা বলছেন, এই ওয়ার্ডে কোনো বিছানা ফাঁকা নেই। তাই বাধ্য হয়ে মেঝেতে থাকতে হচ্ছে।
রবিবার (১০ মে) সকালে হাসপাতালের সহকারী পরিচালক মাইনউদ্দিন খান বলেন, “হাসপাতালে রোগীর চাপ বেশি। তবে আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি।”
তিনি আরো বলেন, গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১২২০ শিশু হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৭ শিশুর। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১০৯২ শিশু।
ঢাকা/মিলন/ইভা