পাখির ছানা ধরতে বিদ্যুতের খুঁটিতে উঠে প্রাণ হারাল কিশোর
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিদ্যুতের খুঁটি থেকে সাজ্জাদকে নামিয়ে আনছেন ফায়ার সার্ভিসের সদস্য।
রাজশাহীতে বিদ্যুতের খুঁটির ওপরে পাখির ছানা ধরতে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে সাজ্জাদ (১৫) নামে এক কিশোর। শনিবার (৬ জুন) সকাল ১১টার দিকে মহানগরীর তেরোখাদিয়ায় রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের সামনে দুর্ঘটনার শিকার হয় সে।
মারা যাওয়া সাজ্জাদ নগরীর বিলশিমলা এলাকার সাজুর ছেলে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের ফায়ার ফাইটার এজাহারুল ইসলাম জানান, বিদ্যুতের খুঁটির ওপরে থাকা ঘুঘু পাখির ছানা ধরতে উঠেছিল সাজ্জাদ। এ সময় খুঁটির বিদ্যুতায়িত অংশের সংস্পর্শে এলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে খুঁটির সঙ্গে ঝুলে পড়ে ওই কিশোর। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে নিশ্চিত হলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের হবে।”
ঢাকা/মাহী/মাসুদ
হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু