দশ বছর পর মৌসুমীর ‘বিচ্ছেদ বেদনা’
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
দীর্ঘ প্রায় এক দশক পর আবারও পরিচালকের আসনে ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। তার নির্মিত নতুন চলচ্চিত্র ‘বিচ্ছেদ বেদনা’ সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) থেকে অনাপত্তি সনদ (এনওসি) পেয়েছে। ফলে সিনেমাটির মুক্তির পথ আরও একধাপ এগিয়ে গেল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মনস্তাত্ত্বিক গল্পনির্ভর ‘বিচ্ছেদ বেদনা’ সিনেমাটি করোনার সময় নির্মাণ করেন মৌসুমী। এতে তার সঙ্গে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ ও আবদুন নূর সজল।
‘প্রিয়জন কথাচিত্র’র ব্যানারে নির্মিত এই সিনেমাটির প্রযোজক সিনিয়র সাংবাদিক আবদুর রহমান। বর্তমানে সিনেমাটির মুক্তির প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এদিকে মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সিনেমাটির বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন তার স্বামী অভিনেতা ওমর সানী। তিনি বলেন, “সিনেমাটির কাজ কয়েক বছর আগেই শুরু হয়েছিল। প্রযোজক আবদুর রহমানের নাম দেখেই বিষয়টি মনে পড়ে। পরে মৌসুমীর সঙ্গে কথা বলে জানতে পারি, তখন সিনেমার বেশিরভাগ কাজ শেষ হয়েছিল। পরবর্তীতে বাকি কাজ সম্পন্ন করে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়।”
পরিচালক হিসেবে মৌসুমীর সর্বশেষ সিনেমা ছিল ‘শূন্য হৃদয়’। এটি ২০১৬ সালে মুক্তি পায়। সেই সিনেমার পর প্রায় দশ বছর বিরতি দিয়ে ‘বিচ্ছেদ বেদনা’র মাধ্যমে আবারও পরিচালনায় ফিরলেন তিনি।
অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাতেও দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন মৌসুমী। ১৯৯৬ সালে ‘গরিবের রানী’ সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে যাত্রা শুরু করেন তিনি। পরে ‘আবার আমি এতিম হতে চাই’ নামে আরও একটি চলচ্চিত্র প্রযোজনা করেন।
ঢাকা/রাহাত//
বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন রবিবার