ঢাকা     রোববার   ০৭ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩ || ২১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জাতীয় চলচ্চিত্র পুরস্কারবিজয়ী সলিম কুমার মারা গেছেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ৭ জুন ২০২৬   আপডেট: ১২:০৭, ৭ জুন ২০২৬
জাতীয় চলচ্চিত্র পুরস্কারবিজয়ী সলিম কুমার মারা গেছেন

সলিম কুমার

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মালায়ালাম সিনেমার অভিনেতা সলিম কুমার মারা গেছেন। শনিবার (৬ জুন) রাতে কোচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে এ প্রতিবেদনে জানানো হয়েছে, কয়েক বছর আগে সলিম কুমারের লিভার প্রতিস্থাপন করা হয়। শনিবার (৬ জুন) সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে কোচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়; পরে শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। রাত ১০টা ৪৩ মিনিটের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আরো পড়ুন:

সলিম কুমারের মৃত্যুতে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্তের ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমেছে। কেরালার মুখ্যমন্ত্রী ভিডি সতীসেন শোক প্রকাশ করেছেন। সলিম কুমারকে ভাই ও পরিবারের সদস্য হিসেবে অভিহিত করেন তিনি বলেন, “উত্তর পারাভুরের সাধারণ পরিবার থেকে উঠে এসে কুমার ভারতীয় সিনেমার অন্যতম সম্মানিত অভিনেতায় পরিণত হয়েছিলেন।”

মালায়ালাম চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় ও প্রিয় অভিনয়শিল্পীদের একজন ছিলেন সলিম কুমার। মিমিক্রি শিল্পী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। ১৯৯৭ সালে চলচ্চিত্রে অভিষেক হয় তার। পরে ইন্ডাস্ট্রির অন্যতম সফল কৌতুক অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হন এবং অসংখ্য ব্লকবাস্টার চলচ্চিত্র উপহার দেন। সলিম অভিনীত অনেক চরিত্র ও সংলাপ এখনো মালায়ালাম সমাজের দৈনন্দিন কথোপকথনের অংশ। কৌতুক অভিনেতা হিসেবে সর্বাধিক জনপ্রিয় হলেও বারবার প্রমাণ করেছেন, তিনি আবেগঘন ও গম্ভীর চরিত্রেও সমান দক্ষ। হাস্যরস ও নাটকীয়তার মধ্যে অনায়াসে বিচরণ করার সক্ষমতা তাকে মালায়ালাম সিনেমার অন্যতম সেরা অভিনেতার মর্যাদা এনে দেয়।

তিন দশকের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন সলিম কুমার। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—‘সত্যমেব জয়তে’, ‘তেনকাসিপট্টিনাম’, ‘ওয়ান ম্যান শো’, ‘ই পারাকাম থালিকা’, ‘মীসা মাধবন’, ‘মাঝাথুলিকিলুকাম’, ‘কুঞ্জিকুনান’, ‘কল্যাণরামান’, ‘সিআইডি’ প্রভৃতি। 

২০০৫ সালে ‘আচানুরাংগাথা ভেদু’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার জিতেন সলিম কুমার। ২০১০ সালে ‘আদামিন্তে মাকান আবু’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই অভিনেতা। 

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়