বরগুনায় মাথাবিহীন মরদেহ উদ্ধার
বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বরগুনার গৌরীচন্না বাজার সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশের খাল থেকে মরদেহ উদ্ধার হয়।
বরগুনা সদরের গৌরিচন্না খাল থেকে মো. শামীম বেপারীর (৪০) নামে এক গরু ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে গৌরীচন্না বাজার সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশের খালের কচুরিপানার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার হয়।
এলাকাবাসী জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে খালের পাশে রক্তমাখা জামা ও জুতা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। একপর্যায়ে খালের কচুরিপানার মধ্যে থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার করেন তারা। ঘটনাস্থলে উপস্থিত স্বজনরা মরদেহটি শামীমের বলে শনাক্ত করেন।
নিহত শামীমের বাবা মনসুর আলী বেপারী জানান, রবিবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে গৌরীচন্না বাজারে যায় শামীম। রাত ১১টার দিকে তার মোবাইল বন্ধ পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তারা। কে বা কারা কি কারণে শামীমকে হত্যা করেছেন এ বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বলেন, “সুরতহাল শেষে মরদেহ মর্গে পাঠানো হবে। হত্যার রহস্য উদঘাটনে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি পৃথকভাবে তদন্ত শুরু করেছে পুলিশ।”
ঢাকা/ইমরান/মাসুদ
হাম ও উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু