সিরাজগঞ্জে গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিরাজগঞ্জের কাজিপুরে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে প্রায় ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
সোমবার (৮ জুন) কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আহত গরু ব্যবসায়ী আব্দুর রাজ্জাক রায়গঞ্জ উপজেলার তেলিজানা গ্রামের মৃত মনছের আলীর ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, রবিবার কাজিপুর উপজেলার সোনামুখী হাটে গরু বিক্রি করেন আব্দুর রাজ্জাক। বিকেলে আরো দুই ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে সিএনজি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে হাজরাহাটি বাজার এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা তিন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে করে এসে তাদের গতিরোধ করে।
এ সময় দুর্বৃত্তরা চাইনিজ কুড়াল দিয়ে আব্দুর রাজ্জাককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তারা ৬ লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত চর ভানুডাঙ্গা সড়ক দিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয় লোকজন ও সঙ্গে থাকা অন্য ব্যবসায়ীরা আহত রাজ্জাককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। সেদিন রাতেই ব্যবসায়ী রুহুল আমিন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কাজিপুর থানায় মামলা দায়ের করেন।
ঘটনাস্থলে থাকা এক ব্যবসায়ী সাংবাদিকদের বলেছেন, “আমরা কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেলে আসা তিনজন সিএনজি অটোরিকশার যাত্রীদের মারধর শুরু করে। পরে কুড়াল দিয়ে কোপ দেয়। ভয়ে আমরা দোকানের আড়ালে লুকিয়ে পড়ি। কয়েক সেকেন্ডের মধ্যেই তারা টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় গরু ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।”
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান বলেছেন, “খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত ব্যবসায়ী চিকিৎসাধীন আছেন। থানায় মামলা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
ঢাকা/অদিত্য/রফিক
২২ লাখ ক্ষুদে শিক্ষার্থীর ফুটবল টুর্নামেন্ট, ফাইনালে থাকবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন