ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সড়কে শিক্ষার্থীর হাত : বাস জব্দ

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৫, ৩০ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সড়কে শিক্ষার্থীর হাত : বাস জব্দ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীতে দুর্ঘটনায় শিক্ষার্থীর হাত বিচ্ছিন্নের ঘটনায় ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ। শনাক্ত করা হয়েছে বাসের চালককে।

শুক্রবার সন্ধ্যায় রাজশাহী কলেজের ছাত্র ফিরোজ আহমেদের (২৫) এক হাত বিচ্ছিন্ন হয়ে যায়। শনিবার রাতে ঘাতক বাসটি জব্দ করে পুলিশ। বাসটির নাম ‘মোহাম্মদ পরিবহন’। গাড়িটির নম্বর- ‘ঢাকা মেট্রো-ব ১৫-০৪৬২’। রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল থেকে বাসটি জব্দ করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ফিরোজ এই বাসেরই যাত্রী ছিলেন। রাজশাহী-রংপুর রুটে চলাচলকারী এই বাসটি রাজশাহীর নওদাপাড়া বাস টার্মিনালে থাকার কথা। কিন্তু সেটিকে লুকিয়ে শিরোইল বাস টার্মিনালে রাখা হয়।’

তিনি আরো বলেন, ‘ফিরোজ জানিয়েছিলেন, তিনি যে বাসের যাত্রী ছিলেন তার ইংরেজি নামের প্রথম দুই অক্ষর ‘এম এবং ও’। তার এই ‘ক্লু’ কাজে লাগিয়ে পুলিশ তদন্ত করে। ফিরোজ মোহাম্মদ পরিবহনেরই যাত্রী ছিলেন, এটি নিশ্চিত হওয়ার পর গাড়িটিকে জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক ও মালিক পলাতক। এখন চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে গতকাল নগরীর কাটাখালী থানায় মামলা হয়েছে। ফিরোজের বাবা মাহফুজ আর রহমান বাদী হয়ে মামলাটি করেন।

প্রসঙ্গত, ফিরোজ রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার নামোইটগ্রাম মহল্লায় তার বাড়ি। গত শুক্রবার তিনি বাসে চড়ে রাজশাহী ফিরছিলেন। ফেরার পথে ট্রাকের ধাক্কায় ফিরোজের এক হাত বিছিন্ন হয়ে সড়কে পড়ে থাকে। বাসটি তাকে নিয়ে যায় শিরোইল বাস টার্মিনালে। পরে অন্য যাত্রীরা প্রায় অচেতন অবস্থায় ফিরোজকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

নগরীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানিয়েছেন, ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার একটি ফুটেজ দেখে মোহাম্মদ পরিবহনের চালককেও শনাক্ত করা হয়েছে। তার নাম মো. ফারুক। বাড়ি রাজশাহীর পুঠিয়ায়। এই চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে গ্রেপ্তার করা গেলেই জানা যাবে, কোন গাড়ির সঙ্গে তার বাসের ধাক্কা লেগেছিল।  



রাইজিংবিডি/রাজশাহী/৩০ জুন ২০১৯/তানজিমুল হক/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়