ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুর্ঘটনার পর স্পিডবোট চলাচলে কড়াকড়ি

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ৪ মে ২০২১  
দুর্ঘটনার পর স্পিডবোট চলাচলে কড়াকড়ি

শিমুলিয়া ঘাট

গত সোমবার (৩ মে) মাদারীপুরের শিবচরে পুরাতন কাঁঠালবাড়ি ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে দুর্ঘটনায় ২৬ জন নিহতের ঘটনার পর শিমুলিয়া ঘাট থেকে স্পিডবোট চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (৪ মে) সকাল হতে দুপুর পর্যন্ত এ ঘাট থেকে কোনো স্পিডবোট ছেড়ে যায়নি। এছাড়া ঘাট এলাকা বাঁশ দিয়ে ঘিরে রাখতে দেখা গেছে।

ঘাট এলাকার আশেপাশের দোকানিরা বলছেন, গতকাল সোমবার স্পিডবোট চলাচল করলেও আজ সকাল থেকে কোনো স্পিডবোট চলাচল করছে না। সকাল থেকে ঘাট এলাকায় ঢুকতে না পেরে অনেক যাত্রী ফিরে গেছেন।

ঘাট কর্তৃপক্ষ বলছে, স্পিডবোট চলাচলে আজ কড়া নজরদারি আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (৪ মে) ঘাট এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, পারাপারের জন্য যাত্রীরা আসছেন। কিন্তু বাঁশের বেড়া দিয়ে ঘাট বন্ধ রাখার কারণে তারা ফিরে যাচ্ছেন। অথচ গতকাল সোমবারেও অবাধে স্পিডবোট যাতায়াত করছিল।

ভ্রাম্যমাণ এক বিক্রেতা বলেন, কর্তৃপক্ষ দাবি করছে দুর্ঘটনা কবলিত স্পিডবোট ঘাট থেকে ছেড়ে যায়নি।

যাত্রীরা জানান, সময় বাঁচানোর জন্য তারা স্পিডবোটে নদী পারাপার করেন। এতে দুর্ঘটনার আশঙ্কা আছে জেনেও তারা ঝুঁকি নেন। বর্তমানে ফেরি চলাচল বন্ধ। তাছাড়া ফেরি পারাপারে ঝামেলাও আছে।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, আজ কড়া নজরদারি রয়েছে। ঘাট থেকে কোনো স্পিডবোট ছেড়ে যায়নি।

রতন/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়