বাসের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রংপুর নগরীর তাজহাট এলাকায় বাসের ধাক্কায় একাব্বর আলী (৪৫) নামের এক সাইকেল আরোহী মারা গেছেন।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে নগরীর তাজহাট গলাকাটা মোড়ে এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শাহ আলম।
নিহত একাব্বর আলী পীরগাছা উপজেলার প্রতাপ জয়সেন এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে। তিনি ক্লিনিকের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, একাব্বর আলী আজ সকালে বাড়ি থেকে বের হয়ে সাইকেলে করে তার কর্মস্থল নগরীর ডাক্তার ক্লিনিকে যাচ্ছিলেন। এসময় রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে শাহ আলী নামের একটি নাইটকোচ সাইকেল আরোহী একাব্বর আলীকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
পরে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক গাড়ি ও চালককে আটক করতে অভিযান চলছে।
আমিরুল/বুলাকী