সোনাইমুড়ীতে হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহত
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন স্বপন প্রতিপক্ষ প্রার্থীর কর্মীদের হামলায় আহত হয়েছেন।
বুধবার (২৯ ডিসেম্বর) রাতে নাটেশ্বর ইউনিয়নের দীঘিরজান বাজারে প্রার্থী আনোয়ার হোসেন স্বপন তার আনারস প্রতীকের নির্বাচনী অফিসে নেতা কর্মীদের নিয়ে মতবিনিময়কালে এ হামলার শিকার হন জানান তিনি। এসময় তার আরো চার কর্মীও আহত হয়েছেন।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন স্বপনের অভিযোগ- রাতে তিনি তার নির্বাচনী অফিসে মাইক্রোবাস ও দুটি সিএনজি যোগে প্রতিপক্ষ নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন খোকনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী আকস্মিক এসে ককটেল বিস্ফোরণ ঘটায় ও নির্বাচনী অফিসের আসবাবপত্র ভাংচুর করে। এসময় তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রের আঘাতে তিনিসহ অন্তত পাঁচ জন আহত হন। এ ঘটনার পর থেকে তিনি ও তার নেতা-কর্মিরা ভয়ে ও আতঙ্কে রয়েছেন। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নৌকা প্রতীকের প্রার্থী কবির হোসেন খোকন বলেন, স্বতন্ত্র প্রার্থী স্বপনের নির্বাচনী পোস্টার আমার বাড়ির সামনে আছে। আমি সংঘাতে বিশ্বাস করিনা। ভোটের মাঠে ঘোলা পানিতে মাছ শিকারের জন্য শুধু মাত্র এমন অভিযোগ।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু যে নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ আনা হয়েছে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ক্যাম্পটি বন্ধ পেয়েছে।
সুজন/টিপু
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী