ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শৈত্যপ্রবাহে পঞ্চগড়ের জনজীবন স্থবির

পঞ্চগড় প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ৩১ জানুয়ারি ২০২২   আপডেট: ১২:৩০, ৩১ জানুয়ারি ২০২২
শৈত্যপ্রবাহে পঞ্চগড়ের জনজীবন স্থবির

গত কয়েকদিন ধরেই উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। অব্যাহত এই শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। 

রাত থেকে সকাল অবধি কুয়াশাচ্ছন্ন থাকে পুরো জেলা। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত শীত বেশি অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকেলের পর থেকে আবারও বাড়ছে শীত।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমে সারা দেশের মধ্যে সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। 

এর আগে, রোববার (৩০ জানুয়ারি) সকাল ৯ টায় এখানে তাপমাত্রা রেকর্ড হয় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রার অবনতি আর হাড়কাঁপানো শীতে দুর্ভোগে রয়েছে খেটে খাওয়া মানুষ। সময়মত কাজে যেতে পারছেন না তারা। বিপাকে যানবাহন চালকরাও। তাদেরকে সকালের দিকেও হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করতে হচ্ছে। শীতের প্রকোপ থেকে বাঁচতে অনেকেই খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এছাড়া শীতের কারণে হাসপাতালগুলোতেও বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, গত চারদিন ধরে এ অঞ্চল দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আকাশের উপরিভাগ ঘন কুয়াশা আর জলীয় বাষ্পে ঢাকা থাকায় দিনেও সূর্যের আলোর তেমন আঁচ লাগছে না। 

মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ আরও দু’দিন থাকতে পারে বলে জানান তিনি।

আবু নাঈম/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়