শায়েস্তাগঞ্জ শহরে পাহাড়ি বানরের উপদ্রব
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌর শহরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে পাহাড়ি বানরের উপদ্রব। জঙ্গলে খাদ্য সঙ্কট দেখা দেওয়ায় গত এক মাস ধরে শহরের দাউদনগর, তালুগড়াই, শায়েস্তাগঞ্জ বাজার, মহলুলসুনাম, জগন্নাথপুর এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চারটি বানরকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে।
এসব বানর জমির সবজি নষ্ট করার পাশাপাশি ও গাছের নানা ধরণের ফলমূল নষ্ট করেছে। এছাড়া স্থানীয় অনেক লোকজনকে বানরগুলোকে খাবার দিতেও দেখা গেছে। এর মধ্যে একটি বানরের কোমর রশি দিয়ে বাঁধা অবস্থায় দেখা গেছে। স্থানীয়দের ধারণা কেউ এ বানরটিকে বেঁধে রেখেছিল। কৌশলে সেটি পালিয়ে এসেছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বনবিভাগ যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দ্রুত বানরগুলো পাহাড়ি বনে অবমুক্ত করার ব্যবস্থা করে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, পথভুলে অথবা খাবারের জন্য বানরগুলো লোকালয়ে চলে এসেছে। দ্রুত ব্যবস্থা নিয়ে বানরগুলো বনে ফিরিয়ে নেওয়া প্রয়োজন।
হবিগঞ্জ বনবিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কমকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, বানরগুলো দ্রুত বনে ফেরত পাঠানোর চেষ্টা করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মামুন/ মাসুদ