দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তিতে চালক ও যাত্রী
রাজবাড়ী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফেরি সঙ্কট ও পারাপারের অতিরিক্ত চাপের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে শতশত যানবাহন। এরমধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।
শনিবার (২ এপ্রিল) সকাল ১০ টার দিকে দেখা যায়, দৌলতদিয়া প্রান্তের ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস পারাপারের অপেক্ষায় সিরিয়ালে রয়েছে। এছাড়া ঘাট এলাকায় যানবাহনের চাপ কমাতে ঘাট থেকে ১৪ কিলোমিটার দুরের গোয়ালন্দ মোড়ে ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে প্রায় দেড় কিলোমিটার সড়কে পণ্যবাহী ট্রাক সিরিয়ালে রয়েছে।
ট্রাকগুলোকে ফেরির জন্য সড়কে ঘণ্টার পর ঘণ্টা এবং কোন কোন সময় এক থেকে দুই দিনও অপেক্ষা করতে হচ্ছে। এছাড়া সময় যাত্রীবাহী যানবাহনগুলোকে ফেরির জন্য কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। ফলে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়ছেন যাত্রী, চালক ও তার সহকারীরা। এছাড়া রয়েছে গোসল, খাবার ও টয়লেট সমস্যা।
সাতক্ষীরা থেকে ঢাকা যাচ্ছেন ব্যবসায়ী সেলিম মোল্লা, তিনি জানান গতকাল (শুক্রবার) সাতক্ষীরা থেকে গাড়িতে উঠছি এখনো দৌলতদিয়া ফেরিঘাট পার হতে পারলাম না। ১২ ঘণ্টার বেশি সময় রাস্তায়ই রয়েছি।
কুষ্টিয়া থেকে আসা যাত্রী মিরাজুল বলেন, ১৮ থেকে ২০টি ফেরি চলাচল করলে ঘাটে জ্যাম থাকে না। এটা ম্যানেজমেন্টের ব্যার্থতা। জ্যাম থাকলে একটা চক্রের লাভ থাকে সেজন্য হয়তো জ্যাম লাগায়।
বাসচালক সোহেল বলেন, গাড়ি ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে একটু করে আগাই। যাত্রীরা অস্থির হয়ে যাচ্ছে।এইভাবে কি চলা যায়? তারপর প্রচণ্ড গরম।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, বর্তমানে এ রুটে ২০টি ফেরি মধ্যে ছোট বড় ১৮টি ফেরি চলাচল করছে। মূলত অতিরিক্ত যানবাহনের চাপে সিরিয়াল তৈরি হচ্ছে। তবে যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকারভিত্তিতে পারাপার করছেন বলে জানান তিনি।
সুকান্ত/টিপু