বিড়াল হত্যার বিচার চেয়ে থানায় অভিযোগ
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মৃত বিড়ালকে নিয়ে থানায় হাজির হয়েছে আছিয়া আক্তার (১৩) নামের এক কিশোরী। এসময় বিড়াল হত্যার বিচার চেয়ে ওই কিশোরীর মা আকলিমা আক্তার শারমিন লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রোববার (৩০ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। আকলিমা আক্তার শারমিন উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামের মো. কালাম শেখের স্ত্রী।
কিশোরী আছিয়া আক্তার বলে, ‘আমি সেই ছোটবেলা থেকে এই বিড়ালটাকে পালতাম। দুপুরে আমাদের প্রতিবেশী মৃত সিরাজ মিয়ার স্ত্রী তাসলিমা ও তার মেয়ে সেলিনা বিড়ালটাকে কাঠ দিয়ে আঘাত করে। পরে আমি বিড়ালটিকে নিয়ে পশু হাসপাতালে যাই। কিন্তু তারা বলে আমার বিড়াল নাকি মারা গেছে। পরে মৃত বিড়ালকে নিয়ে থানায় আসি অভিযোগ করতে। সেখানে পুলিশও প্রথমে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে। পরে আম্মুর কথায় তারা অভিযোগ নেয়। আমি বিড়াল হত্যার বিচার চাই।’
সিরাজদিখান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শবনম সুলতানা বলেন, ‘বিড়ালটি যখন আমাদের এখানে নিয়ে আসা হয় তখন সেটি মৃত অবস্থায় ছিল।’
সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) ইসলাম বলেন, ‘বিড়ালটির ময়নাতদন্তের জন্য সিরাজদিখান পশু হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’
রতন/কেআই
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী