ডিস ব্যবসায়ীকে হত্যায় ১২ জনের যাবজ্জীবন
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়ার ডিস ব্যবসায়ী রঞ্জু সরদার হত্যা মামলায় ১২ জনকে যাবজ্জীবনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নাছিমুল করিম হলি এতথ্য নিশ্চিত করেছেন ।
রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা সবাই পালাতক।
নিহত রঞ্জু সরদার বগুড়া সদরের বড় কুমিরার আজাহার আলী সরদারের ছেলে। তিনি ওই এলাকাতে ডিস ব্যবসা করতেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১২ সালের ৭ জুলাই সকালে রঞ্জু সরদারকে বড় কুমিরায় কুপিয়ে হত্যা করা হয়। পরে রঞ্জুর বাবা আজাহার আলী বাদী হয়ে ১৩ জনকে আসামি করে বগুড়া সদর থানায় মামলা করেন। সেই মামলায় ২০১৩ সালের ৫ জুন তৎকালীন সদর থানার পরিদর্শক নুরে আলম সিদ্দীকী আদালতে চার্জশিট জমা দেন।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকা সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- বগুড়া সদরের বানদীঘি এলাকার সিরাজুল ইসলাম, মো. জিন্নাহ, নিশিন্দারা এলাকার আশরাফুল ইসলাম ও ঝোপগাড়ীর মাহফুজার রহমান, আজগর আলী।
পলাতক আসামিরা হলেন- বানদীঘি এলাকার রাজু শেখ, রিপন শেখ, রিজু শেখ, রাবু শেখ, আইনুল ইসলাম, খয়বর আলী ও বড় কুমিরার একরাম হোসেন।
এপিপি নাছিমুল করিম হলি বলেন, আসামিদের সঙ্গে রঞ্জু সরদারের দীর্ঘদিনের শত্রুতা ছিল। এরই জেরে রঞ্জু সরদারকে হত্যা করা হয়। মামলায় ১৩ জন আসামি ছিল। এর মধ্যে বাদল শেখ নামে এক আসামি মামলা চলাকালে মারা যান। আর বাকি ৭ জন পলাতক রয়েছেন।
তিনি আরো বলেন, মামলায় বিচারক ১২ জনকে যাবজ্জীবন ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। আর পলাতক আসামিরা গ্রেপ্তার বা আত্মসমর্পণের পর থেকে তাদের সাজার মেয়াদ শুরু হবে।
এনাম/ মাসুদ