প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানের ১ যাত্রী নিহত, আহত আরও ৫
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রাইভেটকারের ধাক্কায় আব্দুল মান্নান (৪৮) নামে ব্যাটারিচালিত ভ্যানগাড়ির এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানটিতে থাকা আরো ৫ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আমনুরা-নাচোল সড়কের লক্ষীপুর পচাকান্দর শরিপুকুর ব্রিজের দক্ষিণ পাশে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল মান্নান চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুরের মৃত আকরামের ছেলে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ব্যাটারিচালিত ভ্যান নাচোল পচাকান্দর শরিপুকুর ব্রিজের দক্ষিণ পাশে এলে চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় একই দিকে আসা প্রাইভেটকারটি পিছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা ৬ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে আহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মান্নানকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, এ ঘটনায় আহত পাঁচ জনের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যালে পাঠানো হয়েছে। পরে ঘটনাস্থল থেকে গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে।
মেহেদী/টিপু