ধাক্কা মারলেই সরকারের পতন: দুলু
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘একটা ধাক্কা মারলেই আর ক্ষমতায় থাকতে পারবে না সরকার। এ বছর আওয়ামী লীগের শেষ বছর।’
শনিবার (২৫শে ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নাটোর শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, খালেদা জিয়াসহ আটক সব নেতাকর্মীদের মুক্তি এবং তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে এই পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি।
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপি নেতা দুলু বলেন, ‘আওয়ামী লীগের দিন শেষ। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার যতক্ষণ ক্ষমতা না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত খালেদা জিয়ার মুক্তির আন্দোলন, বিএনপির আন্দোলন এবং জনগণের আন্দোলন চলবেই। জনগণকে সঙ্গে নিয়েই সরকার পতন ঘটানো হবে।’
নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চু'র সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম, সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন প্রমুখ।
আরিফুল/ মাসুদ