ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত, কাজিপুর স্পার বাঁধে ৩০ মিটার ধস

সিরাজগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০১, ৭ জুলাই ২০২৩   আপডেট: ১২:০৪, ৭ জুলাই ২০২৩
যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত, কাজিপুর স্পার বাঁধে ৩০ মিটার ধস

উজান থেকে নেমে আসা ও পাহাড়ি ঢলে যমুনায় পানি বাড়তে থাকায় সিরাজগঞ্জের কাজিপুর সলিড স্পারের অন্তত ৩০ মিটার এলাকা ধসে গেছে। এ বাঁধটি পুরোপুরি ধসে গেলে উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

শুক্রবার (৭ জুলাই) সকালে কাজিপুর উপজেলার যমুনা নদীর মেঘাই ১ নম্বর সলিড স্পার এলাকায় এ ধস দেখা দিয়েছে।

এদিকে, সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮২ মিটার। ২৪ ঘণ্টায় ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। অপরদিকে কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টে যমুনার পানির ২৪ ঘণ্টায় ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। 

এদিকে যমুনায় পানি বাড়ার ফলে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। তলিয়ে যেতে শুরু করেছে চরাঞ্চলের ফসলি জমি।

পানি উন্নয়ন বোর্ড কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে কাজিপুর উপজেলা রক্ষায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের প্রচেষ্টায় মেঘাই খেয়াঘাট এলাকায় ৩০০ মিটার স্পার নির্মাণ করা হয়। ২০১২ ও ২০১৩ সালে স্পারটির মূল অংশের ১৫০ মিটার ধসে যায়। পরে স্পারের মাটির অংশটুকু রক্ষায় সিসি ব্লক দিয়ে প্রটেকশন দেওয়া হয়। আজ সকালে সেই স্পার বাঁধটির অংশের ৩০ মিটার নদীগর্ভে বিলীন হওয়ায় হুমকির মুখে পড়েছে কাজিপুর থানা, খাদ্য গুদাম, রেজিস্ট্রি অফিস, কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ ভবনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান।

কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব জানান, যমুনা নদীতে গত কয়েকদিন ধরে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির ফলে আজ সকালে মেঘাই ১ নম্বর সলিড স্পার এলাকায় ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়। এতে মুহূর্তেই স্পারের ৩০/৪০ মিটার নদীগর্ভে চলে গেছে।

কাজিপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী অনিক ইসলাম বলেন, স্পার ধসে যাওয়ার বিষয়টি জানার পরে তাৎক্ষণিকভাবে আমি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্মকর্তাদের অবগত করেছি। পাউবোর লোকজন ঘটনাস্থলে পৌঁছেছেন।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার জানান, উজানে ও দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টির কারণে কয়েকদিন ধরেই যমুনার পানি বাড়ছে। এতে চরাঞ্চলের নিম্নভূমিগুলো প্লাবিত হচ্ছে। ইতোমধ্যে অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বাড়তে শুরু করেছে। আরও দুই থেকে তিনদিন পানি বাড়তে পারে বলে জানান তিনি।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, কাজিপুরে স্পার বাঁধ ধসে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জিও ব্যাগ ফেলে ধস ঠেকানোর চেষ্টা চলছে।

অদিত্য রাসেল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়