প্রতিবেশীকে সঙ্গে নিয়ে ছেলের পায়ের রগ কর্তন
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নাজমুল হক
ঢাকার ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে নাজমুল হক (২২) নামে এক যুবকের পায়ের রগ কর্তনের অভিযোগ উঠেছে। শনিবার (১৪ অক্টোবর) এ ঘটনায় তিনজনকে বিবাদী করে ধামরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্ত্রী ইতি আক্তার ফাতেমা।
অভিযুক্তরা হলেন- ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের কৃষ্ণপুরা গ্রামের সবেদ আলী (৪৫), নাসির (৪০) ও মুক্তা আক্তার (৪০)। ভুক্তভোগী নাজমুল হক সবেদ আলীর বড় ছেলে।
অভিযোগে বলা হয়, অভিযুক্ত নাসিরের বাবার সঙ্গে ভুক্তভোগীর সৎ মায়ের অবৈধ পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি জানতে পেরে বাবা সবেদ আলীকে জানান নাজমুল। এতে সবেদ আলী ক্ষুব্ধ হন।
এর জেরে, গত সোমবার সকালে ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তার বাবা। এ সময় প্রতিবেশী নাসির নাজমুলকে মারধর করেন। একপর্যায়ে সবেদ আলী দা দিয়ে নাজমুলের ডান পায়ের গোড়ালিতে কোপ দিয়ে জখম করেন। এতে তার পায়ের রগ কেটে যায়।
সে সময় মুক্তা আক্তার ভুক্তভোগীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা করেন। এ সময় নাজমুল ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান তাকে ঢাকা অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়।
ভুক্তভোগীর স্ত্রী ইতি আক্তার সীমা বলেন, আমার স্বামী আর স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবেন কিনা জানি না। আমি এর বিচার চাই।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সাব্বির/কেআই