ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিকেলে গ্রেপ্তার, মধ্যরাতে মৃত্যুর অভিযোগ

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২০, ২৭ ডিসেম্বর ২০২৩  
বিকেলে গ্রেপ্তার, মধ্যরাতে মৃত্যুর অভিযোগ

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল মঙ্গলবার বিকেলে আনোয়ার হোসেন (৪৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। দিবাগত রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওই আসামিকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার ঘটনাটিকে হত্যাকাণ্ড বলেছে। তবে, পুলিশ জানিয়েছে, হৃদরোগের কারণে আসামির মৃত্যু হয়েছে। 

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে মারা যাওয়া ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠােনো হয়। মারা যাওয়া আনোয়ার হোসেন উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের আব্দুস সামাদ দুলুর ছেলে।

আরো পড়ুন:

পুলিশ ও মারা যাওয়া ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, পেশায় আনোয়ার হোসেন কৃষক ছিলেন। একটি মামলায় সরিষাবাড়ী থানার এজাহারভুক্ত আসামি ছিলেন তিনি। গতকাল মঙ্গলবার বিকেলে আনোয়ার হোসেনকে চাপারকোনো গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে থানা হাজতে রাখা হয়। গতকাল দিবাগত রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে পুলিশ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদি হাসান জানান, আনোয়ার হোসেনকে হাসপাতালে আনার পর অক্সিজেন দেওয়া হয় এবং ইসিজি করা হয়। পরীক্ষা-নীরিক্ষায় পর তাকে জীবিত পাওয়া যায়নি। হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে বলা যায়।

আনোয়ারের বাবা আব্দুস সামাদ ধুলু অভিযোগ করেন, মারামারি সংক্রান্ত একটি মামলায় আমার ছেলে আসামি ছিল। গতকাল বিকেল ৩টার দিকে মামলার বাদীর উপস্থিতিতে চাপারকোনা বাজার থেকে আমার ছেলেকে পুলিশ ধরে নিয়ে যায়। বাদীর যোগসাজশে পুলিশ নির্যাতন করে আমার ছেলেকে মেরে ফেলেছে।

নিহতের স্ত্রী আলপনা বেগম অভিযোগ করেন, পুলিশ সুস্থ মানুষ ধরে নিয়ে গেছে। থানার নেওয়ার পর সন্ধ্যায় তার (স্বামী) সঙ্গে ফোনে কথা হয়। তখনো আমার স্বামী ভালো ছিলেন। রাত ১২টায় হঠাৎ খবর আসে তিনি স্ট্রোক করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুর রহমান জানান, দোলভিটি গ্রামের ফিরোজ মিয়ার সঙ্গে গত ১০ ডিসেম্বর চাপারকোনা বাজারে আনোয়ার হোসেনের মারামারি হয়। এ ঘটনায় ফিরোজের ভাই সোহেল রানা বাদী হয়ে ২৫ ডিসেম্বর থানায় মামলা করেন। ওই মামলার আসামি ছিলেন আনোয়ার হোসেন। গতকাল মঙ্গলবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। রাত ১২টার দিকে তিনি স্ট্রোক (হৃদরোগ) করেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, আনোয়ার হোসেন থানায় আনার পর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

সেলিম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়