ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাস টার্মিনালে তালাবদ্ধ লাগেজে অচেনা যুবকের মৃতদেহ 

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ২৭ জানুয়ারি ২০২৪  
বাস টার্মিনালে তালাবদ্ধ লাগেজে অচেনা যুবকের মৃতদেহ 

ফরিদপুরে পৌর বাস টার্মিনালে তালাবদ্ধ লাগেজ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ জানুয়ারি) বেলা ১১ টার দিকে পৌর বাস টার্মিনালের প্রবেশমুখে গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টারের সামনে থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স অনুমানিক ৪৫ বছর বলে জানান স্থানীয়রা।

পুলিশ জানায়, পৌর বাস টার্মিনালের প্রবেশমুখে বিদ্যুতের খুঁটির কাছে বড় ওই লাগেজটি পড়েছিলো। সকাল ১০টার দিকে লাগেজটি উপস্থিত লোকজনের নজরে আসে। এরপর মালিককে না পেয়ে তারা পুলিশে খবর দেন। পরে কোতোয়ালি থানার পুলিশ বেলা ১১টার দিকে ওই লাগেজটি খুলে একটি মৃতদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লুঙ্গি আর সোয়েটার পরা মৃতদেহের ওপরে জামাকাপড় দিয়ে ঢেকে লাগেজ বন্দি করা ছিলো।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান।

তিনি জানান, অজ্ঞাত পরিচয়ের মৃত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রকৃত রহস্য জানা যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তামিম/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়