সেই বিচ্ছাদকে এবার ছাত্র-জনতার ওপর হামলায় গ্রেপ্তার
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আওয়ামী লীগকর্মী মো. বিচ্ছাদ
রাজশাহীর আওয়ামী লীগকর্মী মো. বিচ্ছাদকে (৫০) আবারো গ্রেপ্তার করেছে পুলিশ। এবার তাকে গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিচ্ছাদ নগরের বোয়ালিয়া থানার কেদুর মোড় মহল্লার বাসিন্দা। বুধবার (৫ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৬ মার্চ) তাকে আদালতে পাঠানো হয়েছে।
গত সোমবার (৩ মার্চ) বিচ্ছাদকে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয় স্থানীয়রা। পর দিন মঙ্গলবার (৪ মার্চ) বোয়ালিয়া থানা পুলিশ তাকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে তোলে। এ সময় জামিন পেয়ে বিচ্ছাদ সেদিনই এলাকায় ফেরেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় জনতা। রাতে তারা থানা ঘেরাও করে প্রতিবাদ জানান।
তারা পুলিশকে জানান, বিচ্ছাদ ছাত্র-জনতার ওপর হামলার সময় আওয়ামী লীগের অন্য নেতাকর্মীদের সঙ্গে ছিলেন। এর ভিডিও ফুটেজ আছে। এরপরও তাকে হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। এই ঘটনার জন্য তারা পুলিশকে দায়ী করে বিচ্ছাদকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।
পরে বুধবার (৫ মার্চ) বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদকে বদলি করা হয়। নতুন ওসি হয়ে আসেন পুলিশ পরিদর্শক মোস্তাক হাসান। তিনি আসার পর ফের বিচ্ছাদকে গ্রেপ্তার করা হয়।
ওসি মোস্তাক হাসান জানান, রাতে কেদুর মোড়ের বাড়ি থেকে বিচ্ছাদকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (৬ মার্চ) আদালতে তোলা হয়। এ সময় আদালত তাকে কারাগারে পাঠান বলেও জানান ওসি।
ঢাকা/কেয়া/বকুল
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশকে তেল পরিবহণের সুযোগ করে দিয়েছে ইরান