টেকনাফে নৌবাহিনী-পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুখ্যাত ডাকাত আবুল খায়েরকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজারের টেকনাফে পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল খায়েরকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তিনটি লম্বা দা ও শতাধিক ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল পৌনে ৫টায় টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আবুল খায়ের (৩১) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লামার পাড়ার বাসিন্দা। তার সহযোগী কোহিনূর আক্তার (২৮) হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাঘঘোনা এলাকার বাসিন্দা।
ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, গ্রেপ্তার আবুল খায়েরের বিরুদ্ধে হত্যা, অপহরণ ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে টেকনাফ থানায় আটটির বেশি মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
তিনি বলেন, “বুধবার (৫ মার্চ) মধ্যরাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লামার পাড়ায় কুখ্যাত ডাকাত আবুল খায়ের অবস্থান করছে— এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ও নৌবাহিনীর যৌথ দল সেখানে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। সেসময় সে জলাশয়ে ঝাঁপ দেয়। পরে তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়।”
তিনি আরো বলেন, “গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই হোয়াইক্যং ইউনিয়নের বাঘঘোনা এলাকার অপর একটি গোপন আস্তানায় অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে এক নারী সহযোগীকে আটক করা হয়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি লম্বা দা ও শতাধিক ইয়াবা উদ্ধার করা হয়।”
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
ঢাকা/তারেকুর/এস
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশকে তেল পরিবহণের সুযোগ করে দিয়েছে ইরান