ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘জয় বাংলার কোনো ভুলত্রুটি নেই’

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৫, ২৯ মার্চ ২০২৫   আপডেট: ০৯:৩৯, ২৯ মার্চ ২০২৫
‘জয় বাংলার কোনো ভুলত্রুটি নেই’

টাঙ্গাইলের বাসাইল শুক্রবার কৃষক-শ্রমিক জনতা লীগের ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

কৃষক-শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, “জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় গ্রেপ্তারবরণ করতে হয়, এর আগেই আমার মৃত্যু হওয়া ভালো ছিল। কারণ ‘জয় বাংলা’ স্লোগান কারও দলের নয়।” 

তিনি বলেন, “আমাদের অনেকের ভুলত্রুটি নিশ্চয়ই আছে, কিন্তু স্বাধীনতার কোনো ত্রুটি নেই। জয় বাংলার কোনো ভুলত্রুটি নেই। স্বাধীনতার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো ভুলত্রুটি নেই। বঙ্গবন্ধুকে অস্বীকার করলে, জিয়াউর রহমানকে অস্বীকার করলে এবং আমাকে অস্বীকার করলে স্বাধীনতাই বেহাত হবে।” 

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় কৃষক-শ্রমিক জনতা লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘রাষ্ট্রপতির ইফতার মাহফিলে আমাকে সম্মানিত করা হয়েছে। রাষ্ট্রপতি নিজে এসে আমাকে তার টেবিলে নিয়ে বসিয়েছিলেন। আমি এজন্য তাদের ধন্যবাদ জানাই। আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ বিচারক আর কেউ নেই। আমি এটা বিশ্বাস করে এ পর্যন্ত এসেছি। সম্মান দেওয়া আর সম্মান নেওয়ার মালিক আল্লাহ।’

তিনি বলেন, “অনেকের সঙ্গে আমার মেলে না। এই দেশের স্বাধীনতা যুদ্ধে আমাদের সবার অবদান আছে, রক্ত আছে, ঘাম আছে।”

বাসাইল উপজেলা কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম আল মনছুর, সখীপুর উপজেলা কৃষক-শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন সজিব, বাসাইল উপজেলা কৃষক-শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান।  

ঢাকা/কাওছার/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়