ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খুলনা ওয়াসা: প্রকৌশলীর বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩২, ১০ এপ্রিল ২০২৫  
খুলনা ওয়াসা: প্রকৌশলীর বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ 

খুলনা ওয়াসার উপ-সহকারী প্রকৌশলী চিন্ময় মহলদার

পানির লাইনের সংযোগ দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগ উঠেছে খুলনা ওয়াসার উপ-সহকারী প্রকৌশলী চিন্ময় মহলদারের বিরুদ্ধে। 

তবে অর্থ দিয়েও পানির লাইন না পাওয়ায় খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বরাবর ছয় জন গ্রাহক লিখিত অভিযোগ করেছেন। কিন্তু অভিযোগ করেও কোন প্রতিকার মেলেনি। 

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, খুলনা মহানগরীর ১৮নং ওয়ার্ডের নবীনগর এলাকার মুহাম্মদীয়া জামে মসজিদ সংলগ্ন চৌরাস্তার মোড়ের উত্তর দিকের গলিতে এই ছয় জন গ্রাহকের বসবাস। ওয়াসার পানির সংযোগ লাইন দেওয়ার কথা বলে খুলনা ওয়াসার উপ-সহকারী প্রকৌশলী চিন্ময় মহলদার ২০২৪ সালের ২৩ এপ্রিল আ. লতিফ চিশতির নিকট থেকে ১৩ হাজার, এস এম কামরুজ্জামানের কাছ থেকে ১৪ হাজার, নজরুল ইসলামের কাছ থেকে ১৪ হাজার, আলম খানের কাছ থেকে ১৪ হাজার, মো. তৈয়বুর রহমানের কাছ থেকে ১৪ হাজার ও নূরজাহান বেগমের কাছ থেকে ১৪ হাজার টাকা গ্রহণ করেন। কিন্তু এখনও পর্যন্ত তারা কেউ পানির লাইন পাননি। 

গ্রাহক আ. লতিফ চিশতি বলেন, “ওয়াসার উপ সহকারী প্রকৌশলী চিন্ময় মহলদার ১৫ দিনের ভিতরে পানির লাইন দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে। কিন্তু ৯ মাসের মধ্যে এখনও পর্যন্ত আমরা পানির লাইন পাইনি।”

অপর গ্রাহক এস এম কামরুজ্জামান বলেন, “পানির লাইন পাওয়ার জন্য আমরা আবেদন করেছি। আজ দেবে-কাল দেবে এভাবে বলে ঘোরাচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত পানির লাইন দেয়নি।” 

এদিকে অভিযোগ স্বীকার করে ওয়াসার উপ-সহকারী প্রকৌশলী চিন্ময় মহলদার বলেন, “অনেক সময় লাইন বসানোর পর গ্রাহক টাকা জমা দিতে গড়িমসি করে। অনেককে খুঁজে পাওয়া যায় না। এ কারণে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়েছি। তবে তার পরিমাণ ৮৩ হাজার নয়, ৬৯ হাজার টাকা। ৯ মাস ধরে এ টাকা আমার কাছেই আছে, অফিসে জমা দেওয়া হয়নি।” 

তিনি জানান, বিধি বহির্ভূতভাবে তিনি এ অর্থ গ্রহণ করেছেন। তবে আগামী ৮-১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট গ্রাহকরা পানির লাইন পাবেন এবং তাদের কাছ থেকে গ্রহণকৃত টাকার অতিরিক্ত তাদের ফেরত দেওয়া হবে।

এ বিষয়ে ওয়াসার সচিব প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, “গ্রাহকদের কাছ থেকে ওয়াসার কোন কর্মকর্তা-কর্মচারীর নগদ টাকা গ্রহণের সুযোগ নেই। যদি কারও বিরুদ্ধে এ ধরনের অভিযোগ প্রমাণিত হয় তবে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা/নুরুজ্জামান/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়