ঢাকা     বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শরীয়তপুর জেলা যুবদলের কমিটি বিলুপ্ত

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৫, ১১ মে ২০২৫  
শরীয়তপুর জেলা যুবদলের কমিটি বিলুপ্ত

মেয়াদোত্তীর্ণ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয় উল্লেখ করে শরীয়তপুর জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

রবিবার (১১ মে) দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভেরিফাইড ফেসবুক পেইজে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া।

জেলা যুবদল সূত্র জানায়, ২০১৭ সালে আরিফুর রহমান মোল্লাকে সভাপতি ও জামাল উদ্দিন বিদ্যুৎকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট শরীয়তপুর জেলা যুবদলের কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ ৮ বছর ধরে কমিটির কার্যক্রম পরিচালনা হয়ে আসছে। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মেয়াদোত্তীর্ণ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা কর্মকাণ্ডের কারণে শরীয়তপুর জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। 

শরীয়তপুর জেলা যুবদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, ‍“পুরাতন কমিটি ভেঙে নতুন কমিটি করার জন্য বর্তমান কমিটি ভেঙে দেওয়া হয়েছে বলে ধারণা করছি। মূলত শরীয়তপুর জেলা যুবদলকে ঢেলে সাজাতে এবং শক্তিশালী করতে কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। অতি দ্রুত নতুন কমিটি গঠন করা হবে বলে আমরা মনে করছি।”

কমিটি বিলুপ্ত ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি জানতে চাইলে জেলা যুবদলের সদ্য সাবেক সভাপতি আরিফুর রহমান মোল্লা বলেন, “কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে অনেকে আগেই। কমিটি আরো আগেই ভেঙে দেওয়া উচিৎ ছিল। দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি আমাদের জানা নেই। কেন্দ্রীয় কমিটির দৃষ্টিকোণে কি ধরা পড়েছে সেটা কেন্দ্রীয় কমিটিই ভালো বলতে পারবে।” 

ঢাকা/সাইফুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়