ঢাকা     বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৭ ১৪৩২ || ২৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বরিশাল বিভাগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ১২ জুন ২০২৫  
বরিশাল বিভাগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

ফাইল ফটো

বরিশাল বিভাগে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বেড়ে চলেছে। এই রোগে আক্রন্ত রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালগুলোতে। মৃত্যুও হয়েছে অনেকের।

গত ২৪ ঘণ্টায় এই বিভাগের দুইটি মেডিক্যাল কলেজ হাসপাতাল, ছয়টি সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২৪ জন ভর্তি হয়েছেন। একই সময়ে মারা গেছেন তিনজন।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিরোজপুরের নেছারাবাদ এলাকার বাসিন্দা ইসরাত জাহান (২০) এবং বরগুনা হাসাতালে চিকিৎসাধীন চাঁন মিয়া (৭৫) ও গোশাই দাস (৮৫) মারা গেছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৮৬ জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৩২৪ জন। মারা গেছেন সাতজন। এরমধ্যে বরগুনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। বরগুনায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৫৪ জন। আর মারা যাওয়া সাতজনের মধ্যে পাঁচজনই বরগুনার।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, “বৃষ্টি বাড়লেই আতঙ্ক বেড়ে যায়। কারণ বৃষ্টিতে জলাবদ্ধতা হয়। তখন মশার বিস্তার বৃদ্ধি পায়। যে কারণে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। তবে এবার বিষয়টি ভিন্ন। কারণ বৃষ্টি ছাড়াও ডেঙ্গু তার প্রভাব বিস্তার করছে। এর বড় কারণ অসচেতনতা।”

তিনি বলেন, “সরকারি হাসপাতালে যতো রোগী ভর্তি হয়েছে প্রকৃত সংখ্যা আরো বেশি। কারণ বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে ভর্তি হওয়াসহ অনেক রোগী বাসাতে থেকে চিকিৎসা নিয়েছেন। যার হিসেব আমাদের কাছে নেই। সেই সংখ্যা থাকলে সবাই বুঝতো ডেঙ্গু কতোটা ভয়াবহ আকার ধারণ করছে।”

ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, “আমাদের চিকিৎসা সেবা দেওয়ার মতো সামর্থ্য রয়েছে। সবাই মিলে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজও করছে। তবে ডেঙ্গু প্রতিরোধ করতে হলে সবার সচেতন হওয়ার বিকল্প নেই। মশা জন্মায় এমন সব জায়গা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।” 

ঢাকা/পলাশ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়