ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

’৭২-এর সংবিধান দিল্লির ফাঁদ: ফরহাদ মজহার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩০, ১৯ জুলাই ২০২৫   আপডেট: ১০:৩২, ১৯ জুলাই ২০২৫
’৭২-এর সংবিধান দিল্লির ফাঁদ: ফরহাদ মজহার

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ফরহাদ মজহার

কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, “১৯৭২ সালের সংবিধান সংস্কারের নামে এটিকে বহাল রাখার চেষ্টা মূলত দিল্লির আধিপত্য ও ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের শামিল।”

শুক্রবার (১৮ জুলাই) রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে ‘জুলাই নেটওয়ার্ক’ আয়োজিত ‘সংবিধানের ফাঁদ—সংবিধান ও গণসার্বভৌমত্ব নিয়ে জরুরি বয়ান’ শীর্ষক শহীদ আবু সাঈদ-ওয়াসিম স্মারক বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “যারা বলেন ৭২’র সংবিধান সংস্কার করা যায়, তাদের চিন্তা অত্যন্ত ক্ষতিকর। আপনারা কি ভারতের দালালি করছেন? কেন এটিকে টিকিয়ে রাখছেন?” 

ফরহাদ মজহারের ভাষায়, “পাকিস্তানি শাসনামলে নির্বাচিত প্রতিনিধিরা এই সংবিধান লিখেছেন এবং দিল্লির নির্দেশেই তা প্রণীত হয়েছে—যা প্রকৃত স্বাধীনতার চেতনার সঙ্গে যায় না।”

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “স্বাধীনতার পর ছয় মাসের মধ্যে তাদের বিচার হওয়া উচিত ছিল। যারা ক্ষমতায় গিয়েছেন তাদের উচিত ছিল এমন বিচার করা। কিন্তু তার বদলে শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের ছায়ায় সব পুরনো শাসকগোষ্ঠীই আবার ফিরে এসেছে।”

বিএনপির দিকেও প্রশ্ন ছুড়ে তিনি বলেন, “জিয়াউর রহমান কি ৭২’র সংবিধান টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করেছিলেন? তিনি করেছিলেন স্বাধীনতার জন্য, যেখানে সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায়বিচারের কথা ছিল কিন্তু সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ বা ধর্মনিরপেক্ষতা ছিল না।”

তিনি বলেন, “চলমান গণঅভ্যুত্থান নতুন গঠনতন্ত্র প্রণয়নের সুযোগ এনে দিয়েছে। শুধু নির্বাচনের জন্য শহীদ হওয়া নয়, এই জুলাই ঘোষণা নতুন সংবিধানের ভিত্তি হতে হবে।”

আলোচনায় চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান বক্তব্য রাখেন।

ঢাকা/রেজাউল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়