তানবীরের পাইলট হওয়ার স্বপ্ন নিভে গেল বিমান দুর্ঘটনায়
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে
ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন অষ্টম শ্রেণির ছাত্র তানবীর আহমেদ (১৪)। বিমানের পাইলট হওয়ার স্বপ্ন দেখত সে। স্বপ্ন পূরণের অনেক আগেই বিমান দুর্ঘটনাতেই অকালে প্রাণ হারিয়েছে তানবীর।
তানবীর আহমেদ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নগরভাত গ্রামের রুবেল মিয়া ও লিপি বেগমের ছেলে। তাদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। ছেলের শোকে বার বার মূর্ছা যাচ্ছেন বাবা-মা। তানবীরের পরিবারের আহাজারিতে পুরো গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠেছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে ঢাকা থেকে তানবীরের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সকাল ১০টায় নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
নিহত তানবীরের চাচাত ভাই সজিব জানিয়েছেন, তার চাচা রুবেল মিয়া ঢাকায় ব্যবসা করেন। তানবীরের ছোট ভাই তাসবীর চতুর্থ শ্রেণিতে পড়ে। তানবীরের স্বপ্ন ছিল পাইলট হওয়ার। সে লেখাপড়ায় খুব মনযোগী ছিল। ছুটিতে গ্রামের বাড়িতে এলেও পড়াশোনায় ব্যস্ত থাকত। সোমবার বিমান দুর্ঘটনায় তানবীরের মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়লে শোকের পরিবেশ সৃষ্টি হয়। স্বজনদের কান্নায় চারপাশের বাতাস ভারী হয়ে আসছে। তানবীরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
একই বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে সখীপুর উপজেলার হতেয়া কেরানীপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মেহেনাজ আক্তার হুমাইরা। তার বাবা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঢাকা/কাওছার/রফিক
ইরানের বিরুদ্ধে হামলা শুরু করতে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প