ঢাকা     মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৮ ১৪৩৩ || ৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সেঞ্চুরির অপেক্ষায় আবু হায়দার, মিঠুনের ফিফটি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১০, ২১ এপ্রিল ২০২৬  
সেঞ্চুরির অপেক্ষায় আবু হায়দার, মিঠুনের ফিফটি

বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের প্রথম দিনের খেলায় বড় কিছু হয়নি। সিলেটে পাশাপাশি দুই মাঠে শুরু হয়েছে চার দলের প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা।

মূল মাঠে মুখোমুখি হয়েছে সেন্ট্রাল জোন ও ইস্ট জোন। ম্যাচে ৬ উইকেটে ২৭২ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে সেন্ট্রাল জোন। তাদের শুরু ও মাঝের ব্যাটিং তেমন ভালো হয়নি। শেষ দিকে দলের হাল ধরেছেন পেস অলরাউন্ডার আবু হায়দার রনি। ১১০ বলে ৯০ রান করেছেন ১০ চার ও ৩ ছক্কায়। সেঞ্চুরির অপেক্ষায় থেকে দিনের খেলা শেষ করেছেন তিনি।

আরো পড়ুন:

তার সঙ্গে ৭৫ রানে অপরাজিত আছেন আশিকুর রহমান শিবলী। দুজনের অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে এসেছে ১৪৭ রান। এর আগে জাতীয় দলের টেস্ট ওপেনার সাদমান ইসলাম ৫৬ রান করে আউট হন। জিসান আলম খানিকটা চমকই দেখিয়েছেন। আগ্রাসী ব্যাটিং করতে পারদর্শী এই ব্যাটসম্যান নিজের প্রথম রান নিতে খেলেন ৫২ বল। এরপর ৮০ বলে ২ বাউন্ডারিতে ১৪ রান করে বিদায় নেন। ভালো করেননি নাঈম শেখ। মাত্র ৪ রান করে আউট হন। মার্শাল আইয়ুব করেন ৬ রান।

বল হাতে ইস্ট জোনের হয়ে ২টি করে উইকেট নেন ইবাদত হোসেন ও তোফায়েল আহমেদ।

পাশের মাঠে সাউথ জোন ও নর্থ জোন মুখোমুখি হয়েছিল। আগে ব্যাটিংয়ে নেমে সাউথ জোন ৩১৪ রানে গুটিয়ে যায়। ব্যাটিংয়ে তাদের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন মোহাম্মদ মিঠুন। ৭৩ বলে ৭ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজান। এছাড়া ইফতেখার হোসেন ১ ও রিজান হোসেন ৩ রানের জন্য ফিফটি মিস করেন।

বোলিংয়ে নর্থ জোনের হয়ে ৩টি করে উইকেট নেন তাইজুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন। জবাব দিতে নেমে বিনা উইকেটে ১৬ রান তুলে দিনের খেলা শেষ করে নর্থ জোন। আব্দুল্লাহ আল মামুন ৬ ও সাব্বির হোসেন ১০ রানে অপরাজিত আছেন।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়